রোহিতকে ‘নো হিট শর্মা’ নামে ডেকে সমালোচনায় মুখর প্রাক্তন ক্রিকেটার
পরপর দুই ম্যাচে ডাকে আউট হয়েছেন রোহিত
আপডেট করা - May 7, 2023 12:30 pm

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা বর্তমানে খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তিনি। এখনও অবধি ৩৬ বছর বয়সী ব্যাটার আইপিএল ২০২৩-এ দশটি ম্যাচে মাত্র ১৮৪ রান করতে সক্ষম হয়েছেন। চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর বিরুদ্ধে হেরে মুম্বাই শীর্ষ চারে ওঠার সুযোগ হারিয়েছে।
উল্লেখ্য, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রোহিত ওপেনিং পজিশন ক্যামেরন গ্রিনের জন্য ছেড়ে দিয়ে তিন নম্বরে ব্যাট করতে এসেছিলেন। তবে সেই পরিবর্তনটি কার্যকর হয়নি কারণ দীপক চাহার ম্যাচের তৃতীয় ওভারে রোহিতকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। মুম্বাইতে জন্মগ্রহণকারী এই ক্রিকেটার একটি স্কুপ খেলার চেষ্টা করেছিলেন কিন্তু বল ব্যাটের বাইরের প্রান্তে লেগে পয়েন্টে দাঁড়ানো রবীন্দ্র জাডেজার হাতে জমা পড়েছিল। চলতি মরসুমে তৃতীয়বার ডাকে আউট হলেন রোহিত।
এদিকে, চেপকে সিএসকের বিরুদ্ধে রোহিতের পারফর্ম্যান্স সম্পর্কে আলোচনা করতে গিয়ে ভারতের প্রাক্তন ব্যাটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত তাঁর সমালোচনা করেছেন। ধারাভাষ্য দেওয়ার সময়ে রোহিতকে কটাক্ষ করে ব্যাটারকে সম্বোধন করেছিলেন ‘নো হিট শর্মা’ নামে। ৬৩ বছর বয়সী এই ব্যক্তি যোগ করেছেন যে তিনি যদি পাঁচবারের চ্যাম্পিয়নদের অধিনায়ক হতেন তবে তিনি রোহিতককে কখনই একাদশে রাখতেন না।
“নট হিট শর্মা। রোহিত শর্মার নাম পরিবর্তন করে ‘নো হিট শর্মা’ করা উচিৎ। আমি এমআইয়ের অধিনায়ক হলে তাকে একাদশে খে্বলা না,” শ্রীকান্ত মন্তব্য করেছেন।
এমআইকে ছয় উইকেটে হারিয়ে দুই নম্বরে উঠে এল সিএসকে
রোহিত ছাড়া বাকী ব্যাটাররাও বিশেষ উল্লেখযোগ্য অবদান রাখতে না পারায় সিএসকের বিরুদ্ধে এমআইয়ের ব্যাটিং মুখ থুবড়ে পড়েছিল। মুম্বাই ইন্ডিয়ান্স ২০ ওভারের পরে স্কোর বোর্ডে মাত্র ১৩৯ রান করতে সক্ষম হয়েছিল। দ্রুত উইকেট হারানোর পরে ব্যাটিং ক্রমে চারে উন্নীত হওয়া নেহাল ওয়াধেরা একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁর ৫১ বলে ৬৪ রানের ইনিংসের সৌজন্যে এমআই সাতের কাছাকাছি রান রেটে পৌঁছেছিল।
বল হাতে সিএসকের সেরা বোলার ছিলেন মাথিশা পাথিরানা। তাঁর চার ওভারে ১৫ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার পেসার। চাহার ও তুষার দেশপান্ডে দুটি করে উইকেট নেন। দুই উইকেট নেওয়ার পরে তুষার পার্পল ক্যাপ দখল করেছেন।
এদিকে, রান তাড়া করতে নেমে ডেভন কনওয়ে (৪২ বলে ৪৪ রান) ও রুতুরাজ গায়কওয়াড় (১৬ বলে ৩০ রান) আবারও একটি নিখুঁত শুরু করেছিলেন। শিবম দুবে ১৮ বলে ২৬* রানের একটি আগ্রাসী ইনিংস খেলে ১৪ বল বাকী থাকতে দলকে জেতান।