আইপিএল ২০২৩-এ খারাপ ফর্ম অব্যাহত দীপক হুডার, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে করলেন মাত্র ২ রান
আপডেট করা - Apr 19, 2023 10:01 pm

১৯শে এপ্রিল, বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২৬ তম ম্যাচে রাজস্থান রয়্যালস (আরআর) এবং লখনউ সুপার জায়ান্টাস (এলএসজি) একে অপরের মুখোমুখি হয়েছে। প্ৰথমে ব্যাটিং করে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান করল এলএসজি। শুরুটা ভালো করলেও মিডিল ওভারে পরপর উইকেট হারানোর কারণে স্কোরবোর্ডে বড় রান তুলতে পারল না কেএল রাহুলের দল।
আইপিএলের ১৬ তম সংস্করণে এখনও অবধি একটিও নজরকাড়া ইনিংস খেলতে পারেননি দীপক হুডা। আইপিএল ২০২৩-এ এখনও অবধি ৬টি ইনিংস খেলে মাত্র ৩৯ রান করেছেন দীপক হুডা। তার সর্বোচ্চ রান হল ১৭। এই মরসুমে নিজেদের প্ৰথম ম্যাচে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল দিল্লি ক্যাপিটালসের (ডিসি) বিরুদ্ধে এই রান করেছিলেন তিনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধেও ২ (৩) রান করেছিলেন হুডা।
২০২২ সালের নিলামে ৫.৭৫ কোটি টাকা দিয়ে দীপক হুডাকে কিনেছিল লখনউ সুপার জায়ান্টাস। আগের মরসুমে ব্যাট হাতে বেশ ভালো ফর্মের সাথেই খেলেছিলেন হুডা। আইপিএলের ১৫ তম সংস্করণে তিনি ১৫টি ম্যাচ খেলে ৪৫১ রান করেছিলেন। তার গড় এবং সর্বোচ্চ রান ছিল যথাক্রমে ৫৯ এবং ৩২.২১। তিনি ১৩৬.৬৭ স্ট্রাইক রেটের সাথে এই রান করেছিলেন। কিন্তু এই মরসুমটা তার একেবারেই ভালো যাচ্ছে না। তিনি পরের ম্যাচে দল থেকে বাদও পড়তে পারেন।
আইপিএল ২০২৩-এ তৃতীয় অর্ধশতরান করলেন কাইল মেয়ার্স
সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪২ বলে ৫১ রান করেন লখনউ সুপার জায়ান্টাসের বাঁ-হাতি ওপেনার কাইল মেয়ার্স। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ৩টি ছয়। আইপিএলের ১৬ তম সংস্করণে এটি ছিল মেয়ার্সের তৃতীয় অর্ধশতরান। এই ম্যাচে তিনিই হলেন এলএসজির সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার।
আইপিএলে নিজের অভিষেক ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২টি চার এবং ৭টি ছয় সহ ৩৮ বলে ৭৩ রান করেছিলেন কাইল মেয়ার্স। আইপিএলে এটি হল তার সর্বোচ্চ রান। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধেও একটি ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। এমএস ধোনির নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে ৮টি চার এবং ২টি ছয় সহ ২২ বলে ৫৩ রান করেছিলেন মেয়ার্স। আইপিএল ২০২৩-এ তিনিই হলেন এলএসজির সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার।