নাইটদের বিরুদ্ধে ড্যানিয়েল স্যামস চুড়ান্ত ব্যর্থ হলেও তাঁর পাশেই দাঁড়াচ্ছেন জসপ্রীত বুমরাহ
আপডেট করা - Apr 12, 2022 8:20 pm

এবারের আইপিএলে এখনও পর্যন্ত জয়ের খোঁজে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। টানা চারম্যাচে হারতে হয়েছে তাদের। আর বেশীরভাগ ক্ষেত্রেই মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং লাইনআপের দিকে আঙুল তুলেছেন সকলে। জসপ্রীত বুমরাহ দলে থাকলেও, ড্যানিয়েল স্যামসরা একেবারেই পারফরম্যান্স করতে পারছেন না। নাইট রাইডার্সের বিরুদ্ধে তো এক ওভারে ৩৫ রান দিয়েছিলেন অস্ট্রেলিয়ান তারকা ড্যানিয়েল স্যামস। বুমরাহকে সাহায্য করার মতো বোলারের অভাবই শোনা গিয়েছে সকলের মুখে।
এবারের আইপিএলে ড্যানিয়েল স্যামসকে জসপ্রীত বুমরার সহযোগী হিসাবেই খেলাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু সেই ড্যানিয়েল স্যামস এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে সেভাবে দাগ কাটতে ব্যর্থ হয়েছেন। বরং নাইট রাইডার্সের বিরুদ্ধে কামিন্স তাঁর ওভার থেকে ৩৫ রান বের করে নিয়েছিলেন। যা নিয়ে খানিকটা হলেও চাপে রয়েছেন ড্যানিয়েল স্যামসও। যদিও জসপ্রীত বুমরাহ কিন্তু ড্যানিয়েল স্যামসের পাশেই দাঁড়িয়েছেন। কেকেআরের বিরুদ্ধে তিনি এক ওভারে ৩৫ রান দিলেও, ড্যানিয়েল স্যামস যে সেই তাপ কাটিয়ে উঠতে পারবেন সে ব্যপারে আশাবাদী জসপ্রীত বুমরাহ।
কেকেআরের বিরুদ্ধে এক ওভারে ৩৫ রান দিয়েছিলেন ড্যানিয়েল স্যামস
বুধবার পঞ্জাব সিংসের বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে নামার আগেই সাংবাদিক সম্মেলনে এসেছিলেন জসপ্রীত বুমরাহ। সেখানেই ভারতের এই স্পীডস্টার জানিয়েছেন, “দেখুন একটা টি টোয়েন্টি ক্রিকেট। এই ফর্ম্যাটে যেকোনও বোলারের বিরুদ্ধে যেকোনও ব্যাটার বড় শট খেলতেই পারেন। যেকোনও কারোর এখানে একটা খারাপ দিন যেতেই পারে। এই খেলায় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল, সেই খারাপ পারফরম্যান্সের প্রভাবটা বয়ে নিয়ে না বেড়ানো। কারণ এখানে পরপর ম্যাচ রয়েছে। সামনে এখনও বহু ম্যাচ রয়েছে। অতীত পারফরম্যান্স ভুলে এগিয়ে যাওয়াই এখানে প্রধান লক্ষ্য আর আমি আশা করি তিনি একজন যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার এবং পরিস্থিতি সম্বন্ধে যথেষ্ট অবগত”।
ড্যানিয়েল স্যামসকে নিয়ে জসপ্রীত বুমরাহ আরও জানিয়েছেন, “এই ফর্ম্যাটে অতীতে সমস্ত বোলারই এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। তাই সকলেই জানেন কেমন ভাবে এই পরিস্থিতি কাটিয়ে ফের ঘুরে দাঁড়াতে হয়। আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে এই নিয়ে। আবাও যদি তিনি এমন পরিস্থিতির মধ্যে পড়েন, তবে কেমনভাবে ড্যানিয়েল স্যামসকে সাহায্য করা হবে, তা নিয়ে আমরা কথাবার্তা বলে নিয়েছি। এছাড়া তিনি নিজেই যথেষ্ট অভিজ্ঞ একজন ক্রিকেটার এবং জানেন সুযোগ পেলে কীভাবে তা কাজে লাগাতে হবে”।
আইপিএলের মঞ্চে এটাই প্রথমবার নয়। এর আগেও মুম্বই ইন্ডিয়ান্স এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোই শুধু নয়, তারা এই পরিস্থিতি থেকে আইপিএল চ্যাম্পিয়নও হয়েছে। তাই এখনই মুম্বই ইন্ডিয়ান্স খুূব একটা ভাবতে নারাজ। তবে তাদের বোলিং ইউনিট সেভাবে পারফরক্ম করতে পারছেনা। সেইদিকেই এখন বাড়তি নজর দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। জসপ্রীত বুমরা যাতে মাঠে যোগ্য সঙ্গত পান সেদিকেও তাদের নরজর রয়েছে।