দিল্লি ক্যাপিটালসের টানা পাঁচটি ম্যাচে পরাজয় নিয়ে সৌরভ গাঙ্গুলিকে কটাক্ষ করলেন রবি শাস্ত্রী
আপডেট করা - Apr 16, 2023 4:02 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ২০ তম ম্যাচে ফ্যাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে ২৩ রানে পরাজিত হয়েছিল দিল্লি ক্যাপিটালস (ডিসি)। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দল এখনও অবধি পাঁচটি ম্যাচ খেলেছে এবং প্রত্যেকটি ম্যাচেই তারা পরাজিত হয়েছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী ডিসির এই ব্যর্থতা নিয়ে সৌরভ গাঙ্গুলিকে কটাক্ষ করেছেন।
রবি শাস্ত্রী বলেছেন যে দিল্লি ক্যাপিটালস এখনও অবধি পাঁচটি ম্যাচে পরাজিত হয়েছে, এই কাজটা কঠিন নয় কিন্তু এই অবস্থা থেকে বেরিয়ে আসা খুব কঠিন। তিনি আরও বলেছেন যে ডিসির ডাগআউটে এমন কয়েকজন মানুষ আছেন যারা হারতে অভ্যস্ত নন। তিনি এক্ষেত্রে রিকি পন্টিং এবং ডেভিড ওয়ার্নারের নাম বলেন।
ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে মাই খেল উদ্ধৃত করে, “দিল্লি ক্যাপিটালসের এখন সমস্যা হচ্ছে, আপনি পাঁচটিতে হেরেছেন, সেটা খুব সহজ কিন্তু এই পরিস্থিতি থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে যায়, বিশেষ করে অন্য দলগুলি যেভাবে খেলছে। সেই ডাগআউটে এমন কিছু লোক আছে যারা হারতে অভ্যস্ত নয়। রিকি পন্টিং হল একজন, ডেভিড ওয়ার্নারও। তিনি জয়ী দলের হয়ে খেলে এসেছেন।”
তিনি আরও বলেন, “এটা হারের বিষয় নয়। এটি হল সঠিকভাবে খেলার বিষয়। এই নিয়ে তারা পাঁচটি ম্যাচে হেরেছে, তাদের মধ্যে জেতার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। কাছাকাছি গিয়ে ম্যাচ হারা একটি জিনিস, কিন্তু যখন আপনি প্রতিপক্ষের কাছে পুরোপুরিভাবে ধরাশায়ী হন, সেটি খুব একটা ভালো লক্ষণ নয়।”
“তিনি নিশ্চয়ই ভেবেছিলেন যে এটি তাকে আরো উপরে উঠতে সাহায্য করবে” – রবি শাস্ত্রী
সৌরভ গাঙ্গুলির উদ্দেশ্য করে রবি শাস্ত্রী বলেন, “বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলী। তিনি নিশ্চয়ই ভেবেছিলেন যে এটি তাকে আরো উপরে উঠতে সাহায্য করবে।”
এই মরুসুমে এখনও অবধি দিল্লি ক্যাপিটালস তেমন একটা ভালো প্রদর্শন করতে পারেনি। অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং অক্ষর প্যাটেল বাদে কোনো ব্যাটসম্যানই খুব বেশি রান পাননি। প্লেঅফসে যাওয়ার জন্য তাদের টানা অনেকগুলি ম্যাচ জিততে হবে। ২০ এপ্রিল, বৃহস্পতিবার অরুণ জেটলি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে ডিসি নিজেদের প্ৰথম জয় পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।