“কেরিয়ারের শেষ পর্ব” – সানরাইজার্সকে হারিয়ে ধোনির স্বীকারোক্তি

৪১ বছর বয়সেও সিএসকের জয়ে অবদান রেখে চলেছেন ধোনি

MS Dhoni
MS Dhoni. (Photo Source: IPL/BCCI)

এমএস ধোনির ফিটনেস, ডেথ ওভারে ব্যাট দিয়ে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা, স্টাম্পের পিছনে বিদ্যৎগতির উইকেটকিপিং দেখে এটা বিশ্বাস করা কঠিন যে তাঁর বয়স ৪১ বছর। ভারতের প্রাক্তন অধিনায়ক ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের বর্তমান অধিনায়ক বছরের পর বছর ধরে প্রভাবিত করেছেন এবং এখনও তাঁর মাস্টারক্লাসের জন্য প্রশংসিত তিনি।

আইপিএল ২০২৩ মরসুমে ধোনি ব্যাট হাতে সীমিত সুযোগে অবিশ্বাস্য পারফর্ম করেছেন। ২১শে এপ্রিল, শুক্রবার, চেন্নাই সুপার কিংসের সাম্প্রতিক ম্যাচে ধোনির কিপিং আলোচনায় উঠে এসেছিল। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে গ্লাভস হাতে তাঁর মুনশিয়ানায় অতীতের ধোনির আভাস দেখা গিয়েছিল।

প্রতি বছরই এমন গুঞ্জন শোনা যায় যে সেটিই সম্ভবত ধোনির শেষ আইপিএল মরসুম হতে চলেছে। ক্রিকেটার ধোনিকে হলুদ জার্সিতে দেখার আশায় তাই প্রতি বছরই স্টেডিয়ামে আসেন তাঁর অনুরাগীরা। সম্প্রতি ধোনি তাঁর কিছু সতীর্থ এবং প্রধান কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন, যেখানে তাঁর অবসরের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, “এই সিদ্ধান্তটি নেওয়ার জন্য অনেক সময় আছে, এই মুহূর্তে আমি কোচের উপর চাপ দিতে চাই না।”

দর্শকরা আমাদের অনেক ভালোবাসা এবং স্নেহ দিয়েছে: এমএস ধোনি

তবে শুক্রবার ধোনি বলেছিলেন যে তিনি “তাঁর কেরিয়ারের শেষ পর্যায়ে” রয়েছেন। এটি এমন এক স্বীকারোক্তি যা ধোনির প্রতিটি ভক্তকে হতবাক করেছে। উপস্থাপক হর্ষ ভোগলে ম্যাচের পরে ধোনিকে জিজ্ঞাসা করেছিলেন চেপকে তিনি যে সমর্থন পান সে সম্পর্কে।

ধোনি বলেছিলেন, “যতদিনই খেলি না কেন, এটা আমার কেরিয়ারের শেষ পর্ব। দুই বছর পরে ভক্তরা এখানে এসে খেলা দেখার সুযোগ পেয়েছেন, এখানে এসে ভালো লাগছে। দর্শকরা আমাদের অনেক ভালোবাসা এবং স্নেহ দিয়েছে। ব্যাট করার পর্যাপ্ত সুযোগ না পেলেও কোনো অভিযোগ নেই।”

ভারতের ২০১৯-এর পর থেকে ধোনি না খেললেও, সিএসকের হয়ে নিয়মিত ৭ নম্বর জার্সি পরে খেলছেন ধোনি। ভারতের যেখানেই খেলা হোক না কেন, তাঁর প্রতি অকুণ্ঠ ভালোবাসা প্রকাশ করতে দ্বিধা করেননি দর্শকরা। তবে এখন প্রশ্ন হল তাঁর অনুরাগীরা আর কত বছর ধোনিকে ক্রিকেটার হিসেবে দেখার সুযোগ পাবেন।

close whatsapp