রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের প্রশংসা করলেন স্টিভ স্মিথ
আপডেট করা - Apr 5, 2023 9:01 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম সংস্করণে শুরুটা বেশ ভালোই করেছে রাজস্থান রয়্যালস (আরআর)। সানরাইজার্স হায়দ্রাবাদকে (এসআরএইচ) ৭২ রানে পরাজিত করেছে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল। এসআরএইচের বিরুদ্ধে স্যামসন সামনে থেকে দলকে নেতৃত্ব দেন এবং ব্যাট হাতে ৩২ বলে ৫৫ রান করেন। আরআর ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান করে। তার জবাবে এসআরএইচ ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৩১ রান করতে সক্ষম হয়। ৫ই এপ্রিল, বুধবার শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল পঞ্জাব কিংসের (পিবিকেএস) মুখোমুখি হয়েছে আরআর।
রাজস্থান রয়্যালসের প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ সঞ্জু স্যামসনের ইনিংসটি দেখে খুব খুশি হয়েছেন। আরআরের অধিনায়কের অধিনায়কত্বের দক্ষতারও প্রসঙ্গে তিনি বলেছেন যে ২৮ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান তরুণ খেলোয়াড় কিন্তু অভিজ্ঞতার দিকে থেকে তিনি তরুণ নন। অস্ট্রেলীয় ব্যাটসম্যান আরও বলেছেন যে আগের মরসুমের ফাইনাল অবধি দলের যাত্রা থেকে তিনি আত্মবিশ্বাস নিতে চাইবেন।
স্টার স্পোর্টসকে স্টিভ স্মিথ বলেন, “সঞ্জু স্যামসন একজন তরুণ খেলোয়াড়, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে তিনি তরুণ নন। তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি গত বছর রয়্যালসকে সত্যিই খুব ভালোভাবে নেতৃত্ব দিয়েছিলেন এবং দলটি ফাইনালেও উঠেছিল। গত মরসুমের ফাইনাল অবধি দলের যাত্রা থেকে তিনি আত্মবিশ্বাস নেবেন। তিনি শক্তিশালী ব্যাটসম্যান এবং খেলাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। যদি সে এটি করতে থাকে, আমি মনে করি আরআর এই মরসুমেও ভালো ফলাফল করবে।”
“এ বছর তাকে অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে এবং সেটার জন্য তার ব্যাটিং অপরিহার্য” – ইরফান পাঠান
পঞ্জাব কিংসের অধিনায়ক এবং অভিজ্ঞ ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ান ২০২২ সালের বাংলাদেশ সফরের পর ভারতীয় দলের জার্সি গায়ে আর খেলার সুযোগ পাননি। এই প্রসঙ্গে মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।
ইরফান পাঠান সম্প্রচারকারীদের বলেন, “শিখর ধাওয়ান আইপিএলের একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং ব্যাটে হাতেও খুব ধারাবাহিক। সে খুব শক্তিশালী একজন খেলোয়াড় তো বটেই তার পাশাপাশি খুব শক্তিশালী একটি মনের অধিকারীও। এ বছর তাকে অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতে হবে এবং সেটার জন্য তার ব্যাটিং অপরিহার্য। ভারতীয় দলের মধ্যে থাকা, তারপর বাইরে যাওয়া অবশ্যই তাকে বিব্রত করেছে এবং সে কারণেই তিনি প্রমাণ করতে চান যে তিনি এখনও ভারতীয় ক্রিকেটের আসল গাব্বার।”