পিটারসেন চান লিভিংস্টোনকে ইংল্যান্ডের টেস্ট দলে নেওয়া হোক
লিভিংস্টোন বর্তমানে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল ২০২২-এ অংশ নিচ্ছেন
আপডেট করা - May 7, 2022 7:00 pm

বর্ষীয়ান ইংল্যান্ড ব্যাটার কেভিন পিটারসেন লিয়াম লিভিংস্টোনকে টেস্টে অভিষেক করার জন্য ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কাছে অনুরোধ করেছেন। উল্লেখ্য, ডান-হাতি ব্যাটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এ তাঁর ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের (পিবিকেএস) হয়ে দুর্দান্ত পারফর্ম্যান্স করছেন।
থ্রি লায়ন্স একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে কারণ টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জো রুট এবং বেন স্টোকসকে দলের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ২রা জুন থেকে শুরু হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।
লিয়াম লিভিংস্টোন খুবই মুক্তমনা, সে বিনোদন দিতে আগ্রহী: কেভিন পিটারসেন
“এখন সময় এসেছে যে ইংল্যান্ড যেন লিয়াম লিভিংস্টোনের প্রতিভাকে সমর্থন করে। সে খুবই স্বাধীনচেতা এবং আমি তার যে দিকটি পছন্দ করি তা হল সে বিনোদনের জন্য আগ্রহী। সে লড়াই উপভোগ করে, সমস্যার মুখে পিছিয়ে পড়ে না। এটি দেখার জন্য দুর্দান্ত। ইংল্যান্ডে তার চেয়ে ভালো ব্যাটসম্যান আর কেউ নেই, আমি বলে রাখছি,” পিটারসেন তার সাম্প্রতিক ব্লগে লিখেছেন।
লিভিংস্টোন জাতীয় দলের হয়ে তিনটি ৫০ ওভারের ম্যাচ এবং ১৭টি টি-টোয়েন্টি খেলেছেন। তাঁর আইপিএল ২০২২-এর পারফরম্যান্স সম্পর্কে কথা বলতে গেলে, ডানহাতি ব্যাটার ১১টি ইনিংসে ব্যাটিং করে ১৮৪.২১ স্ট্রাইক রেটে ৩১৫ রান সংগ্রহ করেছেন।
“সে (লিভিংস্টোন) এই উচ্চ-চাপের পরিবেশে খেলছে এবং সে পাঞ্জাব কিংসে এমনভাবে খেলতে পছন্দ করছে। আমি তাকে টেস্ট দলে সরাসরি পাঁচ বা ছয়ে রাখব। বিপক্ষের বোলিংকে আক্রমণ করে সে খুব দ্রুত ম্যাচের প্রকৃতি পরিবর্তন করতে পারে,” পিটারসেন তাঁর কলামে লিখেছেন।
“আমি মনে করি যে রব কি (ইংল্যান্ডের পুরুষদের ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক) আমার মতোই একই ভাবনা ভাবে যে দুর্দান্ত দক্ষতা এবং সঠিক মানসিকতার সাথে খেলোয়াড়দের বাছাই করা উচিত, তাদের নেওয়া উচিত যাদের মধ্যে একটা ব্যাপার আছে। আশা করি এই ধরণের দল ইংল্যান্ড এই গ্রীষ্মে তাদের প্রথম টেস্টের জন্য কয়েক সপ্তাহের মধ্যে বেছে নেবে,” তিনি যোগ করেছেন।