টিকিট বিক্রি নিয়ে কালোবাজারী রুখতে নিরাপত্তা বাড়ানো হল ইডেন গার্ডেন্সে
মাঠে সস্ত্রীক উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়
আপডেট করা - Nov 21, 2021 1:32 pm

রবিবার (২১ নভেম্বর) ভারত বনাম নিউজিল্যান্ড চলতি টি-২০ সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে দুুই বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ২০১৯ সালে শেষবার গোলাপি টেস্টে ভারত এবং বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ইডেনে। তারপরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ হওয়ার কথা থাকলেও তা করোনার কারণে বাতিল করে দিতে হয়। এরই মধ্যে বিভিন্ন অভিযোগ আসায় নিরাপত্তা বাড়ানো হল ইডেন চত্বরে।
স্বাভাবিকভাবেই দীর্ঘদিন বাদে ক্রিকেটের নন্দন কাননে অনুষ্ঠিত হতে চলা ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। সেই মতো টিকিটের চাহিদাও উর্ধ্বমুখী। আর সেই উর্ধ্বমুখী চাহিদাকে কাজে লাগিয়ে বেআইনি উপায়ে অর্থ রোজগারের নেশায় টিকিটের কালোবাজারি করতে গিয়ে ইডেন চত্বর থেকেই গ্রেফতার হলেন এগারো জন।
টিকিট বিক্রি সংক্রান্ত কোনরকম অপরাধ যাতে না হয় তাই পুলিশের সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তা বাড়ানো হল
শনিবার ইডেন গার্ডেন্সের পাঁচ নম্বর গেটের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজন ব্যক্তিকে। কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার আধিকারিকরা ওঁত পেতে থেকে অপরাধীদের গ্রেফতার করেছেন। পুলিশ সূত্রে খবর, ইডেনের ক্লাব হাউজের পাশেই চলছিল টিকিট বিক্রির চক্র। ৬৫০ টাকার টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছিল ১৫০০ টাকায়। দেড় হাজার টাকার টিকিটের দাম দাঁড়িয়েছিল প্রায় ৪ হাজার টাকা। অর্থাৎ প্রায় সব টিকিটই প্রায় আড়াই গুণ দামে বিক্রি হচ্ছিল।
শনিবার দুপুরেই বিষয়টি সামনে আসে। তার পরই সক্রিয় হয় পুলিশ। অভিযান চালিয়ে টিকিটের কালোবাজারির সঙ্গে যুক্ত ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। টিকিটের কালোবাজারি রুখতে রবিবার সকাল থেকেই ইডেন চত্বরে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।
ঘটনাকে সামনে রেখে আরও আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। ম্যাচের জন্য প্রায় আড়াই হাজার পুলিশ মোতায়েন রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে ইডেন চত্বরে। যুগ্ম কমিশনার পদমর্যাদার এক পুলিশ আধিকারিক ইডেনে থাকবেন। তিন জন অতিরিক্ত পুলিশ কমিশনার ও থাকবেন ইডেনে। পাঁচ জন আইজি পদমর্যাদার পুলিশ থাকবেন ইডেন চত্বরে।
খেলা চলাকালীন বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ইডেন চত্বরে খেলা চলাকালীন কোন রকম বিঘ্ন এড়াতে পণ্যবাহী গাড়ির যাতায়াত বন্ধ করা হয়েছে শনিবার থেকেই। ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরুর মাত্র ১৫ মিনিটের মধ্যেই তা শেষ গিয়েছে । অনলাইনে বিক্রির জন্য পনেরোশোর কাছাকাছি টিকিট ছাড়া হয়েছিল। প্রায় ৪৭০০০ মানুষের ইডেনে এইদিন উপস্থিত থাকার আশা করা হচ্ছে। ক্লাবগুলোও ৩০ শতাংশ টিকিট আগে থেকেই সংরক্ষণ করেছে।
এদিন ইডেনের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে ম্যাচ শুরু করার আহ্বান জানাবেন খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। খেলা দেখতে গ্যালারিতে হাজির থাকবেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকড়ও। কোভিডবিধি মেনে মাঠে উপস্থিত থাকবেন ৭০ শতাংশ দর্শক। তিনটি আসন অন্তর একটি করে আসন ফাঁকা রাখা হবে।