নিউ জিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে বাদ শ্রেয়াস, স্কোয়াডে এলেন পাটিদার
লিস্ট এ ক্রিকেটে ৫০ ইনিংসে ১৬৪৮ রান করেছেন পাটিদার
আপডেট করা - Jan 17, 2023 3:25 pm

পিঠের চোটের কারণে ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার ১৮ই জানুয়ারি, বুধবার, থেকে শুরু হতে চলা আসন্ন ভারত বনাম নিউ জিল্যান্ডের তিন ম্যাচের ওডিআই সিরিজ থেকে বাদ পড়েছেন। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এবং উল্লেখ করেছে ওডিআই সিরিজে শ্রেয়াসের জায়গায় আসবেন রজত পাটিদার।
২০২২ ক্যালেন্ডার বর্ষে শ্রেয়াস আইয়ার ভারতের শীর্ষস্থানীয় রান-স্কোরার (সমস্ত ফর্ম্যাট একত্রিত করে) ছিলেন এবং ঘরের মাঠে ভারতের সাম্প্রতিক সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধেও খেলেছিলেন। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ শুরু হওয়ার আগে ভারতে হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজেও রজত পাটিদার শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দলের অংশ ছিলেন।
বেশ কিছু খেলোয়াড়ের চোট-আঘাতের সমস্যায় বিপাকে ভাতীয় দল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২-এ অনবদ্য পারফর্ম্যান্স করেছিলেন পাটিদার। এর পাশাপাশি ঘরোয়া সার্কিটে মধ্য প্রদেশের হয়েও ধারাবাহিকভাবে রান করছেন তিনি। এর ফলে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি সুযোগ পাওয়া ছিল সময়ের অপেক্ষা। তিন সপ্তাহের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা এবং তা বিবেচনা করে শ্রেয়াসের চোট ভারতীয় দলের জন্য উদ্বেগজনক।
সম্প্রতি চোট-আঘাতের সমস্যায় বিপর্যস্ত হয়েছে জাতীয় দল। ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ্ গত বছরের সেপ্টেম্বর থেকে এখনও অবধি ভারতের হয়ে খেলেননি এবং প্রাথমিকভাবে স্কোয়াডে থাকার পরেও সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজ থেকে তাঁর নাম সরাতে হয়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্যও তিনি দলে জায়গা পাননি।
অন্যদিকে, অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ২০২২ এশিয়া কাপ চলাকালীন চোট পান এবং অগাস্টের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। তবে ফিটনেস সাপেক্ষে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াডে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ভারতের পরিবর্তিত ওডিআই স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ঈশান কিষান (উইকেটকিপার), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রজত পাটিদার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক।