ইডেন ম্যাচে দলে এই খেলোয়াড়কে নেওয়ার পরামর্শ দিলেন গৌতম গম্ভীর
ওই একটির বেশি পরিবর্তন দেখতে চাইছেন না দুবারের আইপিএলজয়ী অধিনায়ক
আপডেট করা - Nov 21, 2021 12:33 pm

রবিবার (২১ নভেম্বর) ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে দুুই বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে নিয়ে ইতিমধ্য়েই সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। নিয়মরক্ষার তৃতীয় ম্যাচে ভারত প্রত্যাশিতভাবে কিছু পরিবর্তন করবে। তবে রবিবাসরীয় ইডেনে দলে মাত্র একটির বেশি পরিবর্তন দেখার আশা করছেন না প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর।
একটির বেশি পরিবর্তন করার দরকার নেই: গৌতম গম্ভীর
ভেঙ্কটেশ আইয়ারের মতো নবাগত ক্রিকেটারদের নিজেদের জায়গা পাকা করার জন্য তাদের দলে আরও সুযোগ দেওয়া হবে, এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল অধিনায়ক রোহিত শর্মার কাছ থেকে। রোহিতের মতোই বেশি পরিবর্তনের পক্ষে নন কেকেআরের প্রাক্তন অধিনায়ক গম্ভীরও। তিনি আভেশ খানকে কলকাতায় জাতীয় দলের জার্সিতে অভিষেক ম্যাচ খেলানোর কথা বলেছেন। পেস সহায়ক ইডেনে আবেশের মতো পেসার সহায়তা পাবেন বলেই মনে করছেন গম্ভীর।
দ্বিতীয় টি-টোয়েন্টির পর স্টার স্পোর্টসে সিরিজ সংক্রান্ত আলোচনার সময় গম্ভীর বলেন, “বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ওরা (ভারতীয় ম্যানেজমেন্ট) ভুবনেশ্বর কুমারকে বিশ্রাম দিয়ে আবেশ খানের কথা ভেবে দেখতে পারে। কলকাতার উইকেটে গতি এবং বাউন্স আছে যা ওর জন্য একেবারে উপযুক্ত। সুতরাং, ওই ম্যাচে নিঃসন্দেহে আমি আবেশ খানকে দেখতে চাইব। ওর বলে গতি রয়েছে এবং যখন ইতিমধ্যেই সিরিজ জিতে গিয়েছি, সেইসময়ই আন্তর্জাতিক ক্রিকেটে ওকে পরীক্ষা করার সেরা সুযোগ। এই একটির বেশি পরিবর্তন করার দরকার নেই ভারতের।”
ভারত ইতিমধ্যেই পর পর দুই ম্যাচে বেঙ্কটেশ আইয়ার এবং হর্ষল পাটেলকে নিজেদের অভিষেক ঘটানোর সুযোগ দিয়েছে। সিরিজের তৃতীয় ম্যাচেও নতুন কেউ প্রথম ম্যাচ খেলার সুযোগ পায় কি না, সেটাই দেখার।
তবে সিরিজ জিতে গেলেও থেমে না গিয়ে কিউয়িদের বিরুদ্ধে হোয়াইটওয়াশ করার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত বলে মনে করছেন গৌতি। “সিরিজের ফলাফল যাই হোক, তিন নম্বর ম্যাচও আগ্রাসী ভঙ্গিমায় জিতে নিয়ে ৩-০ সিরিজ জেতার লক্ষ্যে ভারতের মাঠে নামা উচিত। তবে তার জন্য নিজেদের ওপর বাড়তি চাপ নেওয়ার প্রয়োজন নেই,” বলে মত গম্ভীরের।
এই সিরিজের জন্য ভারত মোট ১৬ জনের স্কোয়াড ঘোষণা করেছিল। তার মধ্যে দুটি টি-টোয়েন্টি মিলিয়ে ১২ জনকে সুযোগ দেওয়া সম্ভব হয়েছে। এখনও অবধি যুজবেন্দ্র চাহাল, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ ও আবেশ খান একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। এখন দেখার তৃতীয় টি-২০তে এদের মধ্যে কতজনের ভাগ্যে শিকে ছেঁড়ে।