হর্ষলকে দেখে মনে হয়নি প্রথমবার দেশের হয়ে খেলতে নেমেছে, পেসারের পারফর্ম্যান্সে মুগ্ধ গৌতম গম্ভীর
দ্বিতীয় টি-২০তে হর্ষল ম্যান অফ দ্য ম্যাচ হন
আপডেট করা - Nov 20, 2021 2:48 pm

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর শুক্রবার, ১৯শে নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক অভিষেকের সময় চিত্তাকর্ষক প্রদর্শনের জন্য হর্ষল পাটেলের প্রশংসা করেছেন। আঙুলে চোট পাওয়া মহম্মদ সিরাজের স্থলাভিষিক্ত হন এই পেসার। মেন ইন ব্লু জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে।
২০১৮-র ডিসেম্বরে সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়া গম্ভীর বলেছিলেন যে হর্ষলকে জাতীয় জার্সিতে প্রথম ম্যাচে দেখে মনে হচ্ছিল না যে তিনি প্রথমবার ভারতের জার্সি গায়ে নেমেছেন। বাঁ হাতি ওপেনার বলেছেন যে দীর্ঘ সময় ধরে ঘরোয়া ক্রিকেট খেলা ফলে এবং আইপিএল ২০২১-এ একটি চিত্তাকর্ষক পারফর্ম্যান্স স্পিডস্টারকে অনেকাংশে সাহায্য করেছে।
তার জন্য সত্যিই খুশি, বলেছেন গৌতম গম্ভীর
গম্ভীর মেনে নিয়েছেন যে তিনি হর্ষলের বোলিং দেখে মুগ্ধ। হর্ষল গুজরাতের হতে তাঁর ঘরোয়া ক্রিকেট কেরিয়ার শুরু করলেও পরবর্তীকালে হরিয়ানায় স্থানান্তরিত হন। গম্ভীর বলেছেন, “হর্ষল প্যাটেল অবিশ্বাস্য ছিল। দেখে মনে হয়নি যে সে তার প্রথম খেলা খেলছে। তার প্রচেষ্টায় খুব মুগ্ধ। টানা ৮-১০ বছরের প্রথম শ্রেণীর ক্রিকেটের অভিজ্ঞতা ও একটি দুর্দান্ত আইপিএল মরসুম একজন ক্রিকেটারের পারফর্ম্যান্সে অনেক পরিবর্তন আনতে পারে।”
“ভারতের হয়ে তোমার প্রথম ম্যাচ খেলছ মানে তুমি তোমার খেলা সম্পর্কে অনেক ভালোভাবে অবগত। তুমি আর অপরিণত নও এবং তুমি যদি আইপিএলের মতো উচ্চমানের ক্রিকেটে ভালো বোলিং করে সাফল্য পেয়ে থাকো, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে এসেও অনুভব করবে যে তুমি একই জিনিস চালিয়ে যেতে পারবে। হর্ষল আজ রাতে সেটাই করেছে। তার জন্য সত্যিই খুশি কারণ সে আজ বড় মঞ্চে সফল হয়েছে,” স্টার স্পোর্টসে গম্ভীর বলেছেন।
শুক্রবার হর্ষলের পরিসংখ্যান ছিল ৪ ওভার, ২৫ রান, ২ উইকেট। ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপসের গুরুত্বপূর্ণ উইকেট মোক্ষম সময়ে তুলে নেন তিনি। তাঁর স্পেলের সৌজন্যেই ভারত কিউইদের ১৫৩ রানে সীমাবদ্ধ করতে পেরেছিল এবং তারপর ১৬ বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে নেয়।
২০২১ সালের আইপিএলে পার্পল ক্যাপ জিতে হর্ষল এই সিরিজে সুযোগ পান। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। শুক্রবার ম্যাচ সেরার পুরস্কার পাওয়া হর্ষল জানান ভারতীয় দলের জার্সি গায়ে চাপাতে পেরে তিনি ধন্য।