জাহির খান মনে করেন আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে ভারতীয় ক্রিকেটের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে
সিনিয়র ভারতীয় ক্রিকেটারদের বিশ্রাম নিতে দেখে খুশি দীনেশ কার্তিক
আপডেট করা - Nov 15, 2021 1:31 pm

ভারতের প্রাক্তন ফাস্ট বোলার জাহির খান নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের আসন্ন টি-টোয়েন্টি সিরিজের গুরুত্ব প্রসঙ্গে কথা বলেছেন। শাস্ত্রী-বিরাট জমানার পর মেন ইন ব্লু নবনিযুক্ত কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার অধীনে একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছে এবং এই সিরিজ দিয়েই এই জুটি একসাথে কাজ করতে শুরু করছেন।
নির্বাচক কমিটি টি-টোয়েন্টি সিরিজের জন্য জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাডেজা, বিরাট কোহলিসহ একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাহির খান উল্লেখ করেছেন যে সিরিজে যাঁরাই অনুপস্থিত থাকুক না কেন, মনোযোগের মূল কেন্দ্রবিন্দু হবে নতুন অধিনায়ক-কোচের সমন্বয়। পূর্বসূরী জুটি রবি শাস্ত্রী ও বিরাট কোহলির সরে দাঁড়ানোর পর এখন সবারই নজর থাকবে দ্রাবিড়-রোহিত জুটির মধ্যবর্তী বোঝাপড়ার দিকে।
জাহির খান বলেছেন ফোকাস থাকবে রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মার উপর
ক্রিকবাজে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের প্রিভিউ করার সময় জাহির খান বলেছেন, “সেমিফাইনালে না যেতে পারায় ভারত একদিক থেকে আহত থাকবে। সিরিজের মূল আলোচনা বিশ্বকাপের ব্যর্থতাকে ঘিরেই হবে। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের একটি নতুন অধ্যায় উন্মোচিত হতে চলেছে। সিরিজ সম্পর্কিত আলোচনায় ফোকাস হিসেবে থাকবেন রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা। এছাড়াও নজর থাকবে কৌশলগত দিক থেকে ভারতীয় ক্রিকেট কোন দিকে যাচ্ছে।”
শেষবার যখন দুটি দল কোন টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল তখন নিউজিল্যান্ডে আয়োজিত সেই সিরিজে ভারত ৫-০ ব্যবধানে হারিয়েছিল কিউয়িদের। সেই হারের প্রতিশোধ নেওয়ার কথা মাথায় থাকবে নিউজিল্যান্ডের। অন্যদিকে, আইসিসি ইভেন্টে ব্ল্যাকক্যাপদের কাছে একের পর এক পরাজয়ের সম্মুখীন হচ্ছে ভারত। তাদের লক্ষ্য হবে দ্বিপাক্ষিক সিরিজে নিজেদের আধিপত্য বজায় রাখার।
শামি, বুমরাহ, কোহলিদের বিরতি নিতে দেখে ভালো লাগছে: দীনেশ কার্তিক
উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের দুর্বল প্রদর্শনের জন্য বায়ো-বাবল ক্লান্তির জন্য দায়ী করেছে তিনি।
কার্তিক বলেছেন, “খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ভালো করা হয়েছে। বেশ কিছু খেলোয়াড় অনেক দিন ধরে এদেশে-ওদেশে খেলে বেড়াচ্ছে। শামি, বুমরাহ, কোহলিদের বিরতি নিতে দেখে ভালো লাগছে। স্কোয়াডটি আকর্ষণীয় হয়েছে, দলটি তুলনামূলক নবীন। ভারতে প্রতিভার অভাব নেই। এখন দেখার রাহুল দ্রাবিড় কীভাবে তাঁদের একত্রিত করেন।”
বায়ো-বাবল ক্লান্তির বিষয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন জসপ্রীত বুমরাহ। সমস্যা মোকাবিলা করার জন্য মানসিক বিশ্রামের উপরে জোর দিয়েছিলেন তিনি। কোভিড-১৯ মহামারীর পর থেকে ভারতীয় ক্রিকেটাররা অধিকাং সময় বায়ো-বাবলের মধ্যা কাটাতে বাধ্য হচ্ছেন।