কেন উইলিয়ামসনের পর এবার টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ালেন কাইল জেমিসন
টেস্ট সিরিজে মনোনিবেশ করতেই এই সিরিজে খেলবেন না তিনি
আপডেট করা - Nov 17, 2021 11:13 am

টেস্ট সিরিজে ফোকাস করার জন্য নিউজিল্যান্ডের অলরাউন্ডার কাইল জেমিসন ভারতের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার ঠিক পরেই ২৫শে নভেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজটি আয়োজিত হবে। কেন উইলিয়ামসনের পর জেমিসন দ্বিতীয় কিউই ক্রিকেটার হিসেবে টি-২০ সিরিজ থেকে নাম প্রত্যাহার করলেন।
কাইল জেমিসন বিশ্রাম পাচ্ছেন অত্যধিক ক্রিকেটীয় চাপ সামলানোর নীতির কারণে
রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলে উঠেই ব্ল্যাকক্যাপদের মাত্র তিন দিনের মধ্যেই ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে নামতে হচ্ছে। নিউজিল্যান্ড স্কোয়াডের ক্রিকেটারদের অত্যধিক ক্রিকেটীয় চাপ সামলানোর দিকে জোর দিয়েছেন প্রধান কোচ গ্যারি স্টেড। ভারতের বিরুদ্ধে এই সিরিজে তারা রোটেশন নীতি মেনে চলবেন বলেই মনে হচ্ছে। কাইল জেমিসনকে বিশ্রাম দেওয়াও সেই পরিকল্পনারই একটি অংশ।
নিউজিল্যান্ড ক্রিকেট আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ গ্যারি স্টেড বলেছেন, “আমরা কেন এবং কাইলের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি যে তারা এই টি-টোয়েন্টি সিরিজে খেলবে না। তারা উভয়েই টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে এবং যারা টেস্ট সিরিজের অংশ তারা এই টি-টোয়েন্টি সিরিজের সব কটি ম্যাচ খেলবেন না।”
৪৯ বছর বয়সী স্টেড যোগ করেছেন, “এই মুহুর্তে আমাদের প্রধান কাজ ভারসাম্য বজায় রাখা কারণ পাঁচ দিনের মধ্যে তিনটি টি-টোয়েন্টি খেলার পাশাপাশি তিনটি ভিন্ন শহরেও যেতে হবে, ফলে খুব, খুব ব্যস্ততার মধ্যে সময় কাটবে।”
কাইল জেমিসন টি-টোয়েন্টি বিশ্বকাপে একটিও ম্যাচ খেলেননি। টি-টোয়েন্টি সিরিজ খেলেই ট্রেন্ট বোল্ট নিউজিল্যান্ডে ফিরে আসবেন বলে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে জেমিসন খেলতে পারেন।
গ্যারি স্টেড আরও ইঙ্গিত দিয়েছেন যে লকি ফার্গুসন কাফ মাসলের চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করার পরে এই সিরিজে প্রত্যাবর্তন করার জন্য প্রস্তুত। ফাস্ট বোলার আবার ট্রেনিং শুরু করেছেন এবং প্রথম টি-টোয়েন্টিতে ব্ল্যাক ক্যাপসের পেস আক্রমণে ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদির সঙ্গে শুরু করতে পারেন।
“পুরো স্কোয়াড এখানে ম্যাচে নামার সুযোগ পাবে এবং এটি আমাদের খেলোয়াড়দের কাজের চাপ পরিচালনার বিষয়ে জরুরী। আমাদের কাছে বিশেষ অগ্রাধিকার পাবে আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজে ভালো ফল করা,” স্টেড যোগ করেছেন।
ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম আন্তর্জাতিক টি-২০ আজ জয়পুরে অনুষ্ঠিত হবে এবং তার পরে রাঁচি এবং কলকাতায় বাকি দুটি ম্যাচ হবে। অন্যদিকে, কানপুরে ২৫শে নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।