আইসিসি নির্বাচিত ২০২৩ মহিলাদের টি-২০ বিশ্বকাপের সেরা দলে একমাত্র ভারতীয় রিচা ঘোষ
১৩০.৭৬ স্ট্রাইক রেটে ১৩৬ রান করেছিলেন রিচা
আপডেট করা - Feb 28, 2023 10:56 am

কেপ টাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অস্ট্রেলিয়া তাদের টানা তৃতীয় মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতেছে। সামগ্রিকভাবে এটি ছিল অস্ট্রেলিয়ার মহিলা দলের ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫৭ রানের লক্ষ্য রক্ষা করে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে ২০ ওভারে ১৩৭/৬ স্কোরে সীমাবদ্ধ রেখে ১৯ রানে জয়ী হয়েছিল। এই বছরের সংস্করণটি শেষ হওয়ার পরে আইসিসি টুর্নামেন্টের সেরা দল ঘোষণা করেছে। রিচা ঘোষ সেই দলে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেয়েছেন।
ভারতের অভিযান শেষ হয়েছিল সেমি-ফাইনালে যেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ রানে হেরে যায় উইমেন ইন ব্লু। গত মাসে দক্ষিণ আফ্রিকায় আইসিসি মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরে ১৯ বছর বয়সী রিচা এই টুর্নামেন্টে নেমেছিলেন। তিনি প্রথম তিনটি ম্যাচে অপরাজিত ছিলেন এবং টুর্নামেন্ট শেষে ৬৮.০০ গড়ে এবং ১৩০.৭৬ স্ট্রাইক রেটে ১৩৬ রান সংগ্রহ করেছেন।
উইকেটকিপার হিসেবে সর্বাধিক ডিসমিস্যালের রেকর্ড করেছেন রিচা ঘোষ
টুর্নামেন্টে তাঁর সেরা স্কোর ছিল ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪৭ রান, যদিও ভারত ১১ রানে ম্যাচটি হেরে যায়। পাঁচটি ক্যাচ এবং দুটি স্টাম্পিংসহ সাতটি ডিসমিস্যালের কারণে উইকেটকিপার হিসেবে সফলতম ছিলেন রিচা। ভারত সেমি-ফাইনালে পৌঁছনোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা রিচা ঘোষের স্কোরগুলি ছিল যথাক্রমে – ৩১* (২০), ৪৪* (৩২), ৪৭* (৩৪), ০ (১), ১৪ (১৭)।
মহিলাদের টি-২০ বিশ্বকাপের অষ্টম সংস্করণের সেরা দলে স্বাভাবিকভাবেই আধিপত্য ছিল চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সদস্যদের। রিচা ঘোষকে দলে রাখা হলেও উইকেটকিপার হিসেবে নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার অ্যালিসা হিলি। তাঁর সঙ্গে ওপেনার হিসেবে আছেন টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ রান-স্কোরার দক্ষিণ আফ্রিকার টাজমিন ব্রিটস।
সর্বোচ্চ রান-সংগ্রাহক লরা উলভার্ডকে রাখা হয়েছে তিন নম্বরে। দ্বিতীয় সর্বোচ্চ রান-সংগ্রাহক হওয়ার পাশাপাশি বোলিংয়ে অবদান রাখা অলরাউন্ডার ন্যাট সিভার-ব্রান্ট রয়েছেন চার নম্বরে এবং দলের অধিনায়ক হিসেবেও তিনি নির্বাচিত হয়েছেন। আরেক অলরাউন্ডার অ্যাশলে গার্ডনার পাঁচে এবং তারপরেই ভারতের রিচা।
সর্বোচ্চ উইকেটশিকারী সোফি একলস্টোন আছেন সাত নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের একমাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন কারিশমা র্যামহারাক। তিন পেসার হিসেবে নির্বাচিত হয়েছেন শাবনিম ইসমাইল, ডার্সি ব্রাউন ও মেগান শুট। দ্বাদশ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে আয়ারল্যান্ডের অর্লা প্রেন্ডারগাস্টকে।
আইসিসি নির্বাচিত মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩-এ টুর্নামেন্টের সেরা দল: টাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (উইকেটকিপার), লরা উলভার্ড (দক্ষিণ আফ্রিকা), ন্যাট সিভার-ব্রান্ট (অধিনায়ক) (ইংল্যান্ড), অ্যাশলে গার্ডনার (অস্ট্রেলিয়া), রিচা ঘোষ (ভারত), সোফি একলেস্টোন (ইংল্যান্ড), কারিশমা র্যামহারাক (ওয়েস্ট ইন্ডিজ), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), ডার্সি ব্রাউন (অস্ট্রেলিয়া), মেগান শুট (অস্ট্রেলিয়া) এবং অর্লা প্রেন্ডারগাস্ট (আয়ারল্যান্ড, দ্বাদশ খেলোয়াড়)।