সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া ম্যাচকে ‘ডু অর ডাই’ হিসেবে দেখছেন হরমনপ্রীত

আয়ারল্যান্ডকে পাঁচ রানে হারিয়ে শেষ চারে পৌঁছেছে ভারত

Harmanpreet Kaur
Harmanpreet Kaur. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকায় চলমান মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের শেষ গ্রুপ লিগ ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। নকআউট পর্বে শক্তিশালী অস্ট্রেলিয়ান দলের মুখোমুখি হবে উইমেন ইন ব্লু এবং গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে তাদের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় অধিনায়ক।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে আয়ারল্যান্ডকে পাঁচ রানে পরাজিত করে টিম ইন্ডিয়া টানা তিনবারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে শেষ চারে যাওয়ায় পরের ম্যাচে গ্রুপ এ-র শীর্ষ দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। অস্ট্রেলিয়ার মহিলা দল প্রায় সময়ই ভারতীয় দলের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে

তাঁর খেলোয়াড়দের সামনে থাকা চ্যালেঞ্জ সম্পর্কে সতর্ক হরমনপ্রীত কউর। তবে পাঁচবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে তাদের ১০০% দেওয়ার বিষয়ে অনড় তিনি। ম্যাচটিকে ‘ডু অর ডাই’ প্রতিযোগিতা হিসাবে অভিহিত করেছেন হরমনপ্রীত। তিনি আশা করেন খেলোয়াড়রা সেমি-ফাইনালে সর্বস্ব দিয়ে লড়াই করবে।

“সেমি-ফাইনালে যাওয়া বিশাল ব্যাপার, আমরা অনেক কাজ করছি এবং সুযোগ পেলেই ভালো করতে চাই। আমরা আমাদের ১০০% দেব। আমরা সবসময় তাদের বিপক্ষে আমাদের ম্যাচ উপভোগ করি। এটা একটা ডু অর ডাই হবে এবং আমরা ভালো ক্রিকেট খেলতে চাই,” ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানে হরমনপ্রীত বলেছেন।

ক্রিজে কিছু সময় কাটাতে চেয়েছিলাম: হরমনপ্রীত কউর

আয়ারল্যান্ড ম্যাচ সম্পর্কে কথা বলতে গিয়ে হরমনপ্রীত কউর তারকা ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানার প্রশংসা করেছেন। মান্ধানা ৫৬ বলে দর্শনীয় ৮৭ রানের মাধ্যমে ভারতের জয়ের ভিত্তি স্থাপন করেছিলেন। মিডল-অর্ডার ব্যাটাররা বিশেষ অবদান না রাখা সত্ত্বেও মান্ধানার ইনিংস ভারতকে ১৫৫ রানের প্রতিযোগিতামূলক স্কোর তুলতে সাহায্য করেছিল।

“আমাদের জন্য ভালো ম্যাচ। স্মৃতি রান পেয়েছে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখনই সে আমাদের ভালো শুরু দেয় তখনই আমরা একটি ভালো টোটাল তুলতে পারি। সেখানে নেমে ক্রিজে কিছু সময় কাটাতে চেয়েছিলাম, যেহেতু আমি সত্যিই এটি (করতে) পারছিলাম না,” ভারতীয় অধিনায়ক যোগ করেছেন।

close whatsapp