স্কট স্টাইরিস ফাইনালের আগে এগিয়ে রাখলেন প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে

কনওয়ের অনুপস্থিতিকে তাৎপর্যপূর্ণ মনে করছেন তিনি

Scott Styris
Scott Styris. (Photo by Hagen Hopkins/Getty Images)

রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি অস্ট্রেলিয়ার হাতেই উঠতে চলেছে বলে মনে করেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্কট স্টাইরিস। স্টাইরিস বিশ্বাস করেন যে আঙুলের চোটের কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়া ডেভন কনওয়ের অনুপস্থিতি ব্যাপক প্রভাব ফেলবে কিউয়িদের ব্যাটিংয়ের উপর। 

অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন দল কাঙ্খিত ট্রফির জন্য ব্ল্যাক ক্যাপসের মুখোমুখি হচ্ছে। ২০১৫ এবং ২০১৯, শেষ দুটি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেই হারের সম্মুখীন হতে হয়েছে নিউজিল্যান্ডকে। এই বছর জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নিউজিল্যান্ড বৈশ্বিক ইভেন্ট জেতার খরা কাটানোর পর এখন তাদের সামনে একই বছরে দুটি আইসিসি ইভেন্ট জেতার সুযোগ। 

স্পোর্টস্টারের সাথে কথা বলার সময় স্কট স্টাইরিস বলেছেন, “কনওয়ের না থাকা একটি বিশাল ক্ষতি। অস্ট্রেলিয়া ফেভারিট কারণ কনওয়ে নেই। সে একজন উচ্চমানের বুদ্ধিমান ক্রিকেটার। সাধারণত চারে ব্যাট না করলেও তার স্পিন খেলার দক্ষতার কারণে দল তাকে ওই পজিশনেই নামাচ্ছিল।” 

স্টাইরিস যোগ করেছেন, “এখন প্রশ্ন হল কীভাবে অ্যাডাম জাম্পার মোকাবিলা করবে নিউজিল্যান্ড? গ্লেন ফিলিপসের একটি বড় ইনিংস খেলা দরকার। ফিলিপসও একজন কিপার, তার উইকেটকিপিং নিয়ে কোনো সমস্যা নেই।”  

ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের সেমিফাইনাল চলার সময় কনওয়ে আউট হয়ে হতাশাই ব্যাটে একটি ঘুসি মেরে বসেন। তখনই তাঁর আঙুল ক্ষতিগ্রস্ত হয় এবং স্ক্যান থেকে জানা যায় যে তাঁর হাত ভেঙে গেছে। 

টিম সাইফার্ট ডেভন কনওয়ের জায়গায় উইকেট-রক্ষকের দায়িত্ব নেবেন এবং লোয়ার অর্ডারে ব্যাট করবেন বলে আশা করা হচ্ছে। ২৬ বছর বয়সী কিপার সাইফার্ট পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছিলেন কিন্তু তারপর থেকে তিনি ডাগআউটে সময় কাটাচ্ছেন।  

স্যান্টনার-ইশ সোধি বনাম গ্লেন ম্যাক্সওয়েলের লড়াই জমবে – স্কট স্টাইরিস 

গ্লেন ম্যাক্সওয়েল খেলার সংক্ষিপ্ততম ফরম্যাটে সবচেয়ে বিধ্বংসী ফিনিশারদের একজন। বড় মঞ্চে অজি অলরাউন্ডার চিরপ্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠতে পারেন। 

স্কট স্টাইরিস মনে করেন ম্যাক্সওয়েল কীভাবে কিউই স্পিনারদের খেলেন তার উপর ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে। ক্রিকেটার থেকে বর্তমানে ধারাভাষ্যকার হওয়া স্কট স্টাইরিস বলেছেন, “স্যান্টনার-ইশ সোধি বনাম গ্লেন ম্যাক্সওয়েলের লড়াই জমবে। ম্যাক্সওয়েলকে যদি ছাড় দেওয়া হয় তবে অজি মিডল ওভার অনেক কিছু বড় রান তুলে নেবে। ফিল্ডারদের ঠিক হায়গায় রাখতে হবে এবং আশা করতে হবে আইপিএলে যেমন মাঝেমধ্যে ম্যাক্সওয়েল ভুল শট খেলে আউট হয়, সেরকম কিছু এখানেও করবে। তার ম্যাচ জেতানোর ক্ষমতা নিয়ে কোনই সন্দেহ নেই।” 

গ্লেন ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি বিশ্বকাপে অফ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন। ছয় ইনিংসে মাত্র ৩৬ রান করেছেন। ৩৩ বছর বয়সী অলরাউন্ডার চাইবেন একটি গুরুত্বপূর্ণ ইনিংস দিয়ে টুর্নামেন্টটি শেষ করতে এবং অধরা শিরোপা নিয়ে দেশে ফিরতে। 

close whatsapp