টি-২০ বিশ্বকাপ ২০২১ঃ পুরস্কার মূল্য ঘোষণা করল আইসিসি
বিজয়ী দল পাবে ১৬ লাখ ডলার
আপডেট করা - Oct 10, 2021 5:48 pm

রবিবার পুরুষদের ২০২১ টি-২০ বিশ্বকাপের পুরস্কার মূল্য ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বিজয়ী দল পাবে ১৬ লাখ ডলার। ফাইনালে হেরে যাওয়া রানার্স আপ দল পাবে তার অর্ধেক, ৮ লাখ ডলার। মোট ৫৬ লাখ ডলার বরাদ্দ হওয়া পুরস্কার মূল্য থেকেই প্রত্যেক অংশগ্রহণকারী দেশ তাদের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবে। টূর্নামেন্ট শুরু হবে ১৭ই অক্টোবর। চলবে ১৪ই নভেম্বর পর্যন্ত।
সেমিফাইনালে হেরে যাওয়া দুই দলের জন্য বরাদ্দ হয়েছে ৪ লাখ ডলার করে। সেমিফাইনাল দুটি হবে ১০ ও ১১ই নভেম্বর। সুপার ১২ পর্বে প্রত্যেক ম্যাচ জিতলে যে অর্থ দেওয়া হবে তা ২০১৬ সংস্করণের চেয়ে বেশি। ওই পর্বের ৩০টি ম্যাচের প্রত্যেক জয়ী দলকে দেওয়া হবে ৪০ হাজার ডলার করে।
সুপার ১২ পর্বে ইতিমধ্যেই পৌঁছে যাওয়া দলগুলি হল – আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। সুপার ১২ পর্বের পর যে আটটি দল ছিটকে যাবে তারা প্রত্যেকে পাবে ৭০ হাজার ডলার করে।
প্রথম রাউন্ডের প্রত্যেক বিজয়ীর জন্যও একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। ওই পর্বে খেলা হওয়া মোট ১২টি ম্যাচের প্রত্যেক বিজয়ী দল পাবে ৪০ হাজার ডলার করে। প্রথম পর্ব থেকেই যে চারটি দল টূর্নামেন্টের বাইরে চলে যাবে তাদের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ ৪০ হাজার ডলার।
প্রথম রাউন্ড থেকে অভিযান শুরু করছে বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। কোয়ালিফাইং রাউন্ডের খেলা শুরু হচ্ছে ১৭ই অক্টোবর। ম্যাচগুলি হবে ওমান ও আবু ধাবিতে। উদ্বোধনী ম্যাচটি হবে আয়োজক ওমান ও পাপুয়া নিউ গিনির মধ্যে। ওই একই দিনে বাংলাদেশও নামতে চলেছে স্কটল্যান্ডের বিরুদ্ধে।
এছাড়া আরবের অতিরিক্ত উষ্ণতার কথা মাথায় রেখে ড্রিঙ্কস ব্রেক রাখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ড্রিঙ্কসের জন্য প্রতিটি বিরতি হবে আড়াই মিনিটের। নেওয়া হবে প্রত্যেক ইনিংসের মাঝ বরাবর।
| টিমের সংখ্যা পুরস্কার মূল্য |
| বিজয়ী ১ ১৬ লাখ ডলার |
| রানার্স আপ ১ ৮ লাখ ডলার |
| সেমিফাইনালে পরাজিত ২ ৪ লাখ ডলার |
| দ্বিতীয় রাউন্ডে জয় ৩০ (ম্যাচসংখ্যা) ৪০ হাজার ডলার |
| দ্বিতীয় রাউন্ডে ছিটকে যাওয়া ৮ ৭০ হাজার ডলার |
| প্রথম রাউন্ডে জয় ১২ (ম্যাচসংখ্যা) ৪০ হাজার ডলার |
📢 Prize money announced for the 2021 ICC Men's #T20WorldCup.
More 👇https://t.co/j7xewGORj6
— T20 World Cup (@T20WorldCup) October 10, 2021