ভারত বনাম নিউ জিল্যান্ড: প্রথম টি-২০, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে জিতেশ শর্মার

India Team
India Team. (Image Source: Twitter/BCCI)

একদিনের আন্তর্জাতিক সিরিজে নিউ জিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পরে টিম ইন্ডিয়া এখন রাঁচীর জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে ২৭শে জানুয়ারি, শুক্রবার, থেকে শুরু হতে চলা তিন ম্যাচের টি-২০ সিরিজে কিউইদের মুখোমুখি হবে। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ যথাক্রমে লখনউ ও আহমেদাবাদে যথাক্রমে ২৯শে জানুয়ারি ও ১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ভারতের ওডিআই স্কোয়াডের দুই সিনিয়র খেলোয়াড় রোহিত শর্মা ও বিরাট কোহলি টি-২০ সিরিজে নেই এবং ভারত হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন থাকবে। ওডিআই সিরিজে মূলত যে তিন পেসার – মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও শার্দূল ঠাকুর – খেলেছিলেন, কুড়ি ওভারের ফর্ম্যাটের সিরিজে তাঁরাও নেই। শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক সিরিজে নজর কাড়া রাহুল ত্রিপাঠী এই সিরিজেও দলে আছেন এবং স্পিন-বোলিং অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে দীপক হুডাকে।

অন্যদিকে, নিউ জিল্যান্ডের নেতৃত্বে থাকবেন মিচেল স্যান্টনার। টি-২০ স্কোয়াডে মোট চারজন স্পিনার রেখেছে নিউ জিল্যান্ড, তবে পেস বিভাগ তুলনামূলকভাবে অনভিজ্ঞ। ২০২১-এর নভেম্বরে শেষবার যখন দুই দল কোনো টি-২০ সিরিজে ভারতে মুখোমুখি হয়েছিল, তখন নিউ জিল্যান্ড ০-৩ ব্যবধানে হেরেছিল।

পিচ কন্ডিশন

রাঁচীর জেএসসিএ স্টেডিয়ামে রান তাড়া করা দল সাফল্য পেয়েছে বেশী। এখনও অবধি আয়োজিত ২৫টি টি-২০ ম্যাচে ১৬ ম্যাচে দ্বিতীয়বার ব্যাটিং করা দল জিতেছে। শীতকালে ম্যাচ হওয়ায় শিশিরের প্রভাব থাকবে। প্রথমে ব্যাটিং করা দলকে লড়াইয়ে থাকতে হলে কম করে ১৯০ রান তুলতে হবে।

উভয় দলের কম্বিনেশন

ভারত

দেড় বছর পরে ভারতের স্কোয়াডে ফিরে আসা আগ্রাসী ব্যাটার পৃথ্বী শ ওপেনার হিসেবে খেলবেন ওডিআইতে ফর্মে থাকা শুবমান গিলের সঙ্গে। সাম্প্রতিক কিছু ম্যাচে রানের মধ্যে না থাকা ঈশান কিষানের না খেলার সম্ভাবনা বেশী, সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে জিতেশ শর্মার। অলরাউন্ডার হিসেবে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার পাশাপাশি থাকবেন দীপক হুডা ও ওয়াশিংটন সুন্দর।

সম্ভাব্য একাদশ: পৃথ্বী শ, শুবমান গিল, রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শিবম মাভি, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।

নিউ জিল্যান্ড

নিউ জিল্যান্ডের টি-২০ স্কোয়াডে বেশ কিছু নতুন মুখ এসেছে। ৩০ বছর বয়সী ডেন ক্লিভারকে উইকেটকিপারের গ্লাভস হাতে দেখা যেতে পারে। ওডিআই সিরিজে না খেলা লেগ স্পিনার ইশ সোধি একাদশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। পেস বোলিং বিভাগ তুলনামূলকভাবে অনভিজ্ঞরা রয়েছেন। টি-২০ অভিষেক হতে পারে বেন লিস্টারের। মিডল অর্ডারে গ্লেন ফিলিপ্স ও মাইকেল ব্রেসওয়েলের জন্য বড় দায়িত্ব।

সম্ভাব্য একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপ্স, ডেন ক্লিভার (উইকেটকিপার) মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ইশ সোধি, জেকব ডাফি, বেঞ্জামিন লিস্টার, ব্লেইর টিকনার।

ভারত বনাম নিউ জিল্যান্ড হেড-টু-হেড

ম্যাচ – ২২ | ভারত – ১২ | নিউ জিল্যান্ড – ৯ | অমীমাংসিত – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ২৭ জানুয়ারি, ভারতীয় সময় সন্ধ্যা ৭:০০

টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার

close whatsapp