গিলকে বাদ দিয়ে পৃথ্বীকে একাদশে নেওয়া হোক, মত জাফরের
৫টি টি-২০ খেলে ওপেনার শুবমান গিল মাত্র ৭৬ রান সংগ্রহ করেছেন
আপডেট করা - Feb 1, 2023 1:37 pm

ওডিআই সেট-আপে একজন ওপেনার হিসাবে তাঁর জায়গা পাকা করলেও, শুবমান গিল খেলার সংক্ষিপ্ততম ফর্ম্যাটে প্রতিষ্ঠা পেতে লড়াই করেছেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে চলমান টি-২০ সিরিজে ২৩ বছর বয়সী প্রথম দুই ম্যাচে মাত্র ১৮ রান করেছেন, ফলে প্রথম একাদশে তাঁর অবস্থান ধরে রাখা সংশয়ের মুখে। রিজার্ভ বেঞ্চে থাকা পৃথ্বী শ-কে মেন ইন ব্লু সুযোগ দিলে গিলের জায়গা প্রশ্নের মুখে পড়তে পারে।
প্রাক্তন ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফরও বিশ্বাস করেন যে এই মুহূর্তে মুম্বাইয়ের ব্যাটারের দুর্দান্ত ফর্মের কারণে গিলের পরিবর্তে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক পৃথ্বী উপযুক্ত বাছাই হতে পারেন। ৪৪ বছর বয়সী আরও উল্লেখ করেছেন যে ঈশান কিষান ও রাহুল ত্রিপাঠী ব্যর্থ হলেও, তাঁদের নিয়ে চিন্তিত নন তিনি।
“যদি ভারত একটি পরিবর্তন বিবেচনা করে, সেটা হতে পারে শুবমান গিলের জায়গায় পৃথ্বী শ কারণ সে ভালো ফর্মে রয়েছে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য বেশী উপযুক্ত। অন্যদিকে, আমি ঈশান কিষান ও রাহুল ত্রিপাঠীকে নিয়ে খুব একটা চিন্তিত নই,” ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে একটি আলাপচারিতায় জাফর বলেছেন।
যুজবেন্দ্র চাহালকে রাখা উচিৎ: ওয়াসিম জাফর
শুধু ভারতের ব্যাটিং লাইন-আপ নিয়েই প্রশ্ন উঠছে না। লখনউয়ের স্পিন-সহায়ক পিচেও অধিনায়ক হার্দিক পান্ডিয়া লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালকে মাত্র দুটি ওভার দেওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন। পাওয়ারপ্লেতে বোলিং করতে এসে তিনি মাত্র চার রান দেন এবং ফিন অ্যালেনের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।
দীপক হুডার মতো একজন পার্ট-টাইম স্পিনার চার ওভার বোলিং করার সুযোগ পেলেও চাহাল তাঁর পুরো ওভারের কোটা বোলিং করতে পারেননি। তাঁর পারফর্ম্যান্সের পরিপ্রেক্ষিতে জাফর চান টিম ম্যানেজমেন্ট চাহালকে সমর্থন করুক এবং উমরান মালিককে না খেলিয়ে রাজস্থান রয়্যালসের স্পিনারকেই একাদশে রাখা হোক। জাফরের মতে টি-টোয়েন্টি ক্রিকেটে উমরান এখনও অবধি স্বচ্ছন্দ নন।
“স্পিনারদের বিরুদ্ধে নিউ জিল্যান্ডের সমস্যার জন্য যুজবেন্দ্র চাহালকে রাখা উচিৎ এবং যদি একজন রিস্ট-স্পিনার থাকে, তবে ভারতকে অবশ্যই তা কাজে লাগাতে হবে। আমি আগেই বলেছি, উমরান মালিক টি-টোয়েন্টি ক্রিকেটে লড়াই করছে। এই ফর্ম্যাটে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় বৈচিত্র্যগুলি সে এখনও শিখতে পারেনি। সুতরাং, চাহাল একটি ভালো বিকল্প,” প্রাক্তন ক্রিকেটার যোগ করেছেন।