গিল ডাবল সেঞ্চুরি মারার পরে রোহিতের পুরনো টুইট ভাইরাল

শুবমানকে 'ফিউচার' হিসেবে অভিহিত করেছিলেন

Shubman Gill and Rohit Sharma
Shubman Gill and Rohit Sharma. (Photo Source: BCCI)

রোহিত শর্মার পুরানো টুইটগুলির মধ্যে একটি আবার আলোচনায় উঠে এসেছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। টুইটটিতে ভারতীয় অধিনায়ক রোহিত তরুণ ব্যাটার শুবমান গিলকে ‘ফিউচার’ বলে সম্বোধন করেছেন। শুবমান গিল এখন অনবদ্য ফর্মে রয়েছেন এবং পরপর দুই ওডিআই ইনিংসে সেঞ্চুরি করেছেন। 

নতুন বছরের দুর্দান্ত সূচনা করেছেন শুবমান গিল। ২০২৩-এ তিনি এখনও পর্যন্ত চারটি ওয়ানডে খেলেছেন এবং ইতিমধ্যেই একটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি করেছেন। তিনি বিগত চারটি ওয়ানডেতে ১০৩.৭৫-এর ব্যতিক্রমী গড়ে ৪১৫ রান করেছেন। এই বছর তাঁর টি-টোয়েন্টি অভিষেক হলেও বিশেষ সাফল্য উপভোগ করতে সক্ষম হননি।

বুধবার হায়দ্রাবাদের ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন পাঞ্জাবের ব্যাটার শুবমান গিল। যেখানে টিম ইন্ডিয়ার কোনো ব্যাটার একটি হাফ সেঞ্চুরিও করতে পারেননি, সেখানে গিল ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে নজর কাড়েন। গিলের ২০৮ রানের পরে ভারতীয় ব্যাটারদের মধ্যে ৩৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন অধিনায়ক রোহিত। গিলের তৎপরতার কারণেই ৩৪৯ রানের মতো বড় স্কোরে পৌঁছতে পেরেছিল ভারত। 

ম্যাচের পরে রোহিত শর্মার একটি পুরনো টুইট পুনরুত্থিত হয় যেখানে তিনি শুবমান গিলকে ‘ফিউচার’ বলে অভিহিত করেছিলেন। ২০২০-তে গিল যখন টুইটারে রোহিতকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, “#Hitman-এর চেয়ে ভালো পুল শট আর কেউ মারতে পারে না! শুভ জন্মদিন @ImRo45”, তখন প্রত্যুত্তরে বর্তমান ভারতীয় দলের অধিনায়ক জানিয়েছিলেন, “ধন্যবাদ ফিউচার”।

সূর্যকুমার যাদবকে নিয়ে করা রোহিত শর্মার একটি টুইট নিয়েও আলোচনা হয়েছিল

এর আগেও টুইটারে রোহিত শর্মার কিছু পুরনো টুইট আলোচনায় উঠে এসেছিল। একটি উদাহরণ হিসেবে বলা যায় সূর্যকুমার যাদবকে নিয়ে রোহিতের করা একটি টুইট। রোহিত টুইটারে তখনও প্রচারের আলোয় না আসা সূর্যকুমারের প্রশংসা করেছিলেন। তিনি ২০১১ সালে সূর্যকুমার সম্পর্কে টুইট করেছিলেন, এবং এক দশক পরে জানা গিয়েছিল টি-২০ ফর্ম্যাটে কতটা ধ্বংসাত্মক হতে পারেন সূর্যকুমার। 

তিনি টুইট করেছিলেন, “এইমাত্র এখানে চেন্নাইতে বিসিসিআই পুরষ্কার শেষ হল.. কিছু উত্তেজনাপূর্ণ ক্রিকেটার আসছে.. ভবিষ্যতে সতর্ক থাকবেন মুম্বাই থেকে সূর্যকুমার যাদবের জন্য!”

টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক হওয়ার অনেক আগেই সূর্যকুমারকে সমর্থন করেছিলেন রোহিত এবং সূর্যকুমারও বেশ কয়েকবার রোহিতের সাহচর্যর কথা স্বীকার করেছেন।

close whatsapp