টপ অর্ডারে ঈশান কিষানকে জায়গা দেওয়ার জন্য কোহলিকে চারে নামানোর পরামর্শ মাঞ্জরেকারের

কেএল রাহুল নিউ জিল্যান্ড সিরিজে না থাকায় উইকেটকিপার হিসেবে খেলতে পারেন ঈশান কিষান

Sanjay Manjrekar
Sanjay Manjrekar. (Image Source: Twitter)

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওডিআই সিরিজে ঈশান কিষানকে ওপেনার হিসেবে খেলতে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। ১৮ই জানুয়ারি থেকে শুরু হতে চলা তিন ম্যাচের সিরিজে উইকেটকিপার-ব্যাটার কেএল রাহুল খেলছেন না ব্যক্তিগত কারণে। গ্লাভস হাতে দায়িত্ব নিতে দেখা যেতে পারে ঈশানকে। কিন্তু রাহুল এখন ওডিআইতে ব্যাটিং করেন ৫ নম্বর পজিশনে, যা ঈশানের জন্য অনেকটাই নীচের দিকের পজিশন গণ্য হতে পারে। 

বাংলাদেশের বিপক্ষে ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে ঈশান কিষান ডাবল সেঞ্চুরি মারলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে শুবমান গিলকে খেলানোয় আগ্রাধিকার দেওয়া হয়েছিল। ভারতীয় থিঙ্ক-ট্যাঙ্কের এই পদক্ষেপটি সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সম্মুখীন হয়েছিল, তবে গিল তাঁর ধারাবাহিকতা প্রদর্শন করে প্রমাণ করেছেন তাঁকে খেলানোর সিদ্ধান্ত ভুল ছিল না।

শুবমান গিলকে ৩ নম্বরে ব্যাট করানো হোক: সঞ্জয় মাঞ্জরেকার

স্টার স্পোর্টস শো ‘গেম প্ল্যান’-এ আলোচনার সময় ৫৭ বছর বয়সী ধারাভাষ্যকার টিম ইন্ডিয়ার ওপেনিং স্লট সম্পর্কে একটি প্রশ্নের উত্তর দেন। ব্যাটিং অর্ডারে বিরাট কোহলির নিজেকে অবনমিত করে দলে ঈশান কিষাণ এবং শুবমান গিল দুজনকেই রাখার জন্য একটি সমাধান দিয়েছেন তিনি।

“এটা এখনও কঠিন হতে চলেছে। কাউকে না কাউকে সত্যিই বিচলিত হতে হবে। আমি এই জগাখিচুড়িটি সমাধান করার জন্য একটি উপদেশ দিতে পারি। শুবমান গিলকে ৩ নম্বরে ব্যাট করানো হোক, মনে হচ্ছে সেই অবস্থানে সে ভালো খেলতে পারবে, এবং তারপরে বিরাট কোহলি তার ৩ নম্বর ত্যাগ করে ৪ নম্বরে আসুক,” বলেছেন সঞ্জয় মাঞ্জরেকার।

৩ নম্বর পজিশন ত্যাগ করে কোহলিকে ৪ নম্বরে খেলানোর বিষয়ে জিজ্ঞাসা করা হলে সঞ্জয় মাঞ্জরেকার উল্লেখ করেছেন যে কোহলি অনেক আগেও দলের জন্য তাঁর ৩ নম্বর পজিশনটি উৎসর্গ করেছিলেন এবং কিষান অবশ্যই টপ অর্ডারে বিস্ফোরক হতে পারেন।

“সে অনেক বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে একবার আম্বাতি রায়াডুর জন্য এমনটি করেছে। ব্যাটিং ক্রম সাজানোর একটি উপায় হতে পারে। ওপেনিংয়ে ডাবল সেঞ্চুরি করা ঈশান কিষানকে রেখে বাম-হাতি ও ডান-হাতি সমন্বয়টি খুব খারাপ ধারণা হবে না বলে মনে হচ্ছে,” মাঞ্জরেকার শেষে বলেছেন।

close whatsapp