নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতের ওডিআই ও টি-২০ স্কোয়াড ঘোষিত, ফিরলেন পৃথ্বী শ
টি-২০ দল থেকে এবারও বাদ রোহিত ও বিরাট
আপডেট করা - Jan 14, 2023 10:09 am

১৮ই জানুয়ারি, বুধবার, থেকে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য ভারতের সাদা বলের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তিনটি একদিনের আন্তর্জাতিকের জন্য একটি পূর্ণ শক্তির স্কোয়াড মাঠে নামবে। পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচকরা আস্থা রেখেছেন তরুণ ব্রিগেডের উপর।
রোহিত শর্মা ওডিআই স্কোয়াডের নেতৃত্ব দেবেন এবং টি-টোয়েন্টি স্কোয়াড আবারও তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াত নেতৃত্বে খেলবে। রোহিতের অনুপস্থিতিতে এই মাসের শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টিতেও মেন ইন ব্লু-এর অধিনায়কত্ব করেছিলেন হার্দিক। উল্লেখ্য, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে বিশ্রাম পাওয়া রোহিত এবং বিরাট কোহলিকে নিউ জিল্যান্ডের বিপক্ষের টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি।
জাতীয় দলে ফিরলেন পৃথ্বী শ
উদীয়মান ব্যাটার পৃথ্বী শ ঘরোয়া সার্কিটে ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম করার পর অবশেষে জাতীয় দলে কাঙ্ক্ষিত ডাকটি পেয়েছেন। গত কয়েক মাসে ঘরোয়া ক্রিকেটে তাঁর দুর্দান্ত পারফর্ম্যান্স দিয়ে নির্বাচক কমিটিকে মুগ্ধ করার পরে শ এখন ভারতীয় টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরে এসেছেন। ২০২১-এর জুলাইয়ের পর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। সম্প্রতি অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে ৩৭৯ রানের ইনিংস খেলেছিলেন তরুণ ব্যাটার।
সেই দুর্দান্ত ইনিংসের পাশাপাশি গত বছরের অক্টোবরে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে একই প্রতিপক্ষর বিরুদ্ধে ৪৬ বলে দুর্দান্ত সেঞ্চুরিও করেছিলেন শ। ভারতীয় দলের খেলোয়াড়রা এখন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন। নিউ জিল্যান্ডের বিপক্ষে তাঁর সুযোগের সদ্ব্যবহার করার জন্য উন্মুখ হবেন মুম্বাইয়ের ক্রিকেটার।
ইতিমধ্যে, কেএল রাহুল পারিবারিক কারণে বিরতি নেওয়ায় কেএস ভরত প্রথমবারের জন্য ওডিআই স্কোয়াডে ডাক পেয়েছেন। টি-টোয়েন্টির জন্য বিবেচনা করা হয়েছে তরুণ জিতেশ শর্মাকে।
ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, ঈশান কিষান (উইকেটকিপার), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক।
টি-২০ স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), রুতুরাজ গায়কওয়াড়, শুবমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বী শ, মুকেশ কুমার।