ভারত বনাম শ্রীলঙ্কা: তৃতীয় টি-২০ আন্তর্জাতিক, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ
দুই দলেরই লক্ষ্য সিরিজ জয়ের দিকে
আপডেট করা - Jan 6, 2023 7:26 pm

শনিবার, ৭ই জানুয়ারি রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। উভয় দলই একটি করে ম্যাচ জিতেছে এবং সিরিজটি ১-১ সমতায় থাকায় দুটি দলের কাছে জেতার সুযোগ থাকছে। ভারত প্রথম ম্যাচে জেতার পরে, শ্রীলঙ্কা দৃঢ়ভাবে প্রত্যাবর্তন করে ভারতের বিরুদ্ধে আধিপত্য দেখিয়েছিল।
দ্বিতীয় টি-২০তে অধিনায়ক দাসুন শানাকার অপরাজিত ৫৬* রানের সৌজন্যে শ্রীলঙ্কা ভারতের সামনে ২০৭ রানের লক্ষ্য রেখেছিল। ডেথ ওভারে ভারতের বোলিং ছন্নছাড়া দেখিয়েছিল। তাড়া করতে নেমে ভারতের শুরুটা ভয়ঙ্কর ছিল কারণ পাওয়ারপ্লেতেই স্বাগতিকরা চার উইকেট হারিয়েছিল। তবে অক্ষর প্যাটেল ও সূর্যকুমার যাদবের দাপুটে ইনিংস ভারতের আশা বাঁচিয়ে রেখেছিল। কিন্তু শেষ পর্যন্ত ১৬ রানে হেরে যায় স্বাগতিকরা।
কুসাল মেন্ডিস আগের ম্যাচে অর্ধশতক হাঁকানোয় এখন দুর্দান্ত স্পর্শে রয়েছেন। সূর্যকুমার প্রথম ম্যাচে পারফর্ম করতে না পারলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে একটি উল্লেখযোগ্য ইনিংস খেলেন। ভারতের হয়ে অক্ষর প্যাটেল ব্যাট এবং বলে দুর্দান্ত কাজ করে চলেছেন। তিনি ভারতের হয়ে রান করার পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেটও তুলে নিচ্ছেন।
পিচ কন্ডিশন
রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের পিচ অত্যন্ত পাটা হবে এবং আবারও একটি ম্যাচে ২০০-র বেশী রান উঠতে দেখা যেতে পারে। টসজয়ী অধিনায়ক প্রথমে বোলিং করতে পারেন।
উভয় দলের কম্বিনেশন
ভারত
শুবমান গিলের টি-২০ আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি, ফলে তাঁকে বাদ দিয়ে রুতুরাজ গায়কওয়াড়কে নেওয়া হতে পারে। চোট পাওয়া সঞ্জু স্যামানের জায়গায় স্কোয়াডে আসা জিতেশ শর্মাকেও সিরিজের শেষ ম্যাচে দেখা যেতে পারে। আগের ম্যাচে ভয়াবহ বোলিং করা আরসশদীপ সিংয়ের জায়গায় মুকেশ কুমারের খেলার সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য একাদশ: ঈশান কিষান (উইকেটকিপার), রুতুরাজ গায়কওয়াড়, রাহুল ত্রিপাঠী, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), জিতেশ শর্মা, দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম মাভি, মুকেশ কুমার, উমরান মালিক।
শ্রীলঙ্কা
লঙ্কা প্রিমিয়ার লিগে ভালো ফর্মে থাকা মিডল অর্ডার ব্যাটার আশেন বান্দারাকে একাদশে অন্তর্ভুক্ত করা হতে পারে। তিনি লেগব্রেক বোলিংও করেন, ফলে একজন অতিরিক্ত বোলিং বিকল্প নিয়ে নামার সুযোগ থাকছে শ্রীলঙ্কার। বাদ যেতে পারেন ভানুকা রাজাপাকসা। প্রথম ম্যাচে স্পিনাররা সাফল্য পাওয়ার পরে দ্বিতীয় ম্যাচে পেসাররা নজর কেড়েছিলেন। বোলিং বিভাগে বিশেষ পরিবর্তন হবে না।
সম্ভাব্য একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, আশেন বান্দারা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহীষ থিকশানা, কাসুন রাজিথা, দিলশান মাদুশাঙ্কা।
ভারত বনাম শ্রীলঙ্কা হেড-টু-হেড
ম্যাচ – ২৮ | ভারত – ১৮ | শ্রীলঙ্কা – ৯ | অমীমাংসিত – ১
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ৭ জানুয়ারি, ভারতীয় সময় সন্ধ্যা ৭:০০
টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার