১৫৫ কিমি/ঘণ্টা গতিতে বোলিং করে বুমরাহর রেকর্ড ভাঙলেন উমরান মালিক

এর আগে বুমরাহর রেকর্ড ছিল ১৫৩.৩৬ কিমি/ঘন্টা গতিতে ডেলিভারি করার

Umran Malik
Umran Malik. (Photo Source: Twitter)

৩রা জানুয়ারি মুম্বাইতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের স্পিডস্টার উমরান মালিক আবারও তাঁর জ্বলন্ত গতি প্রদর্শন করে জসপ্রিত বুমরাহের রেকর্ডটি ছিনিয়ে নিয়েছেন। দীপক হুডার একটি সময় উপযোগী ইনিংসের পাশাপাশি অভিষেককারী শিবম মাভির ৪ উইকেটের সৌজন্যে মেন ইন ব্লু জয় দিয়ে নতুন বছর শুরু করেছে। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতকে এবং হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল শুরুতেই কয়েকটি উইকেট হারায় এবং এক পর্যায়ে ৯৪/৫ হয়ে যায়। কিন্তু তারপরে অক্ষর প্যাটেল ও হুডা জরুরী কিছু বাউন্ডারি মেরে দলকে নির্ধারিত ২০ ওভারে ১৬২ রানে পৌঁছে দেন। ভারতের বোলিং ইনিংসে মাভি চার উইকেট নিয়ে নজর কাড়লেও শ্রীনগরে জন্ম নেওয়া পেসার উমরান একটি ডেলিভারি ১৫৫ কিমি/ঘণ্টা গতিতে করার পরে আলোচনা শুরু হয়ে যায়।

সেই ডেলিভারিতেই শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা আউট হন। ২৭ বলে ৪৫ রান করা শানাকাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল এবং তিনি সেই সময় আউট না হলে হেরেও যেতে পারত ভারত। ভারতীয় পেসারদের মধ্যে টি-২০তে সর্বোচ্চ গতির ডেলিভারির ক্ষেত্রে তারকা জাসপ্রিত বুমরাহর রেকর্ডকে ছাপিয়ে গেছেন উমরান। পূর্বে বুমরাহ্‌ ১৫৩.৩৬ কিমি/ঘন্টা গতিতে বোলিং করেছেন। তারপরে রয়েছেন মহম্মদ শামি (১৫৩.৩ কিমি) এবং নভদীপ সাইনি (১৫২.৮৫ কিমি)।

শেষ বলের থ্রিলারে জয় পায় ভারতীয় দল

ম্যাচের প্রসঙ্গে, লঙ্কান লায়ন্স হাল না ছাড়া মনোভাব দেখিয়ে ভারতকে যথেষ্ট বেগ দিয়েছে। শানাকা ও চামিকা কারুণারাত্নের আগ্রাসী ব্যাটিংয়ের সৌজন্যে খেলাটিকে শেষ অবধি টেনে নিয়ে যায় সফরকারীরা। শানাকা আউট হওয়ার পরে কারুণারত্নে ১৬ বলে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতীয় দলের কাছ থেকে জয় প্রায় ছিনিয়ে নিচ্ছিলেন।

শেষ বলে জেতার জন্য একটি বাউন্ডারির ​​প্রয়োজন ছিল। কারুণারত্নে অক্ষর প্যাটেলের ডেলিভারিটিতে ঠিকভাবে ব্যাটের সংযোগ করতে ব্যর্থ হন এবং সেই ডেলিভারিতে এক রান ওঠে এবং ভারত শেষ পর্যন্ত দুই রানে জেতে। লোয়ার অর্ডারে তাঁর গুরুত্বপূর্ণ ইনিংসের জন্য হুডাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে। ৫ই জানুয়ারি পুনেতে আয়োজিত দ্বিতীয় টি-২০তে শানাকা ও তাঁর সতীর্থরা ব্যর্থতা কাটিয়ে উঠে সিরিজে সমতা অর্জনের লক্ষ্য রাখবে।

close whatsapp