ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ড
আপডেট করা - Nov 10, 2021 11:58 pm

মধুর প্রতিশোধ। ২০১৯ বিশ্বকাপে ফাইনালে হারের প্রতিশোধ নিল নিউ জিল্যান্ড। বুধবার আবুধাবিতে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ২০২১-র ফাইনালে উঠল কিউইরা। এই নিয়ে পরপর দুটো বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ড। তবে এই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল নিউ জিল্যান্ড। রবিবার ফাইনালে দুবাইয়ে নিউ জিল্যান্ডের প্রতিপক্ষ হবে দ্বিতীয় সেমিতে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার মধ্যে জয়ী দল।
আজ নিউ জিল্যান্ডের জয়ের নায়ক ডেরিল মিচেল (৪৮ বলে ৭৩ রান)। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ইংল্যান্ড করে ৪ উইকেটে ১৬৬ রান। নিউ জিল্যান্ড একটা সময় খারাপ অবস্থায় ছিল। ১০৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল কিউইরা। শেষের দিকে কিউই ওপেনার ডেরিল মিচেল ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে আনেন। কেন উইলিয়ামসন (৫) ব্যর্থ হলেও দলগত সংহতিতে ফের বড় তারকা ছাড়াই আরও একটা বিশ্বকাপের ফাইনালে উঠল কিউইরা।
চলতি টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হার দিয়ে অভিযান শুরু করেছিল কিউই দল। তবে এরপর ভারতের বিরুদ্ধে দারুণ জয় ছিনিয়ে এনে ছন্দে ফেরে কেন উইলিয়ামসন ব্রিগেড। ভারতের বিরুদ্ধে জয়ের পর আর পিছনে তাকাতে হয়নি কিউইদের। প্রথম ম্যাচে হারের পর টানা পাঁচটা ম্যাচ জিতে ফাইনালে উঠল নিউ জিল্যান্ড।