ভারতের অধিনায়কত্ব করাটা সম্মানের এবং আমি আমার সেরাটা দিয়েছি: বিরাট কোহলি
টি-২০তে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচের আগে কৃতজ্ঞতা প্রকাশ করলেন
আপডেট করা - Nov 8, 2021 9:17 pm

নামিবিয়ার বিরুদ্ধে ভারতের ম্যাচটিতে শেষ বারের জন্য ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে মাঠে নামলেন বিরাট কোহলি। তারকা ব্যাটার আইপিএল চলাকালীনই ঘোষণা করেছিলেন যে তিনি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে এই ফর্ম্যাটে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন।
যেহেতু মেন ইন ব্লু সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় আজকের ম্যাচের পরেই দেশের উদ্দেশে পাড়ি দেবে তাই বলাই যায় বিরাট কোহলি তাঁর টি-টোয়েন্টি অধিনায়কত্বের কেরিয়ার প্রত্যাশামতো শেষ করতে পারলেন না। আজকের ম্যাচ বলিষ্ঠভাবে জিতে তিনি চাইবেন সম্মানের সঙ্গে বিদায় নিতে। তবে এই কথাটি অনস্বীকার্য যে মহেন্দ্র সিং ধোনির হাত থেকে টি-২০ ফর্ম্যাটের অধিনায়কত্বের ব্যাটন তুলে নেওয়ার পর কৃতিত্বের সঙ্গেই তিনি তাঁর ভূমিকা পালন করেছেন।
২০১৭ সালে ভারতের সর্ব-ফরম্যাটের অধিনায়ক হিসাবে দায়িত্ব নেওয়া কোহলি অক্লান্তভাবে ক্রিকেট খেলেছেন এবং ধারাবাহিকভাবে পারফর্ম করে দেখিয়েছেন। যদিও বিভিন্ন সময়ে তাঁর সিদ্ধান্ত গ্রহণ এবং নেতৃত্বদানের দক্ষতা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে, কিন্তু এই কথা মানতেই হবে কোহলি সংক্ষিপ্ততম আন্তর্জাতিক ফর্ম্যাটে ভারতকে অসংখ্য জয়ের পথ দেখিয়েছেন।
ভারতকে নেতৃত্ব দিতে পারা অত্যন্ত সম্মানের বিষয়: বিরাট কোহলি
টসের সময় তিনি তার অধিনায়কত্বের কেরিয়ার সম্পর্কে কথা বলছিলেন। সেই সময় তাঁকে দেখে বেশ সন্তুষ্ট বলে মনে হচ্ছিল। ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া তাঁর জন্য সম্মানজনক উল্লেখ করে কোহলি বলেন ভারতীয় ক্রিকেট নিরাপদ হাতে।
“ভারতের অধিনায়কত্ব করাটা সম্মানের এবং আমি আমার সেরাটা দিয়েছি। আমায় যা সুযোগ দেওয়া হয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। সময় এসেছে পরবর্তী প্রজন্মের হাতে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তুলে দেওয়ার। রোহিতের দিকে তাকিয়ে থাকব, ভারতীয় ক্রিকেট নিরাপদ হাতেই আছে,” টসের সময় কোহলি বলেছিলেন।
টসের সময় কয়েন ভারতের পক্ষে নেমে আসে এবং বিরাট কোহলি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ভারত সেমিফাইনালের দৌড়ে না থাকায় ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে স্রেফ নিয়মরক্ষার। অপ্রত্যাশিতভাবে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ম্যাচ হেরে ভারত টূর্নামেন্টের শুরুতেই চাপে পড়ে গিয়েছিল, যেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি।
যদিও তারা তাদের পরের দুটি ম্যাচে আফগানিস্তান এবং স্কটল্যান্ডকে হারিয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। টি-২০ অধিনায়ক হিসেবে শেষ ম্যাচের আগে কোহলি চাইবেন ব্যাটে বড় রান তুলতে।