কেন হল এমন বিপর্যয়, ব্যর্থতা খতিয়ে দেখতে কমিটি গঠন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড
রিপোর্ট জমা দেওয়ার জন্য কোনো সময়সীমা দেয়নি বিসিবি
আপডেট করা - Nov 9, 2021 2:14 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স বিশ্লেষণের জন্য একটি ‘ফ্যাক্ট-ফাইন্ডিং’ কমিটি নিয়োগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগাররা এই মেগা ইভেন্টে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ষষ্ঠ দল হিসাবে গিয়েছিল। কিন্তু একবারও তাদের দেখে মনে হয়নি যে তারা তাদের র্যাঙ্কিংয়ের উপযুক্ত মানের ক্রিকেট খেলছে।
কোয়ালিফায়ারে স্কটল্যান্ডের কাছে হারার পর, তারা ওমান এবং পাপুয়া নিউ গিনিকে বড় ব্যাবধানে পরাজিত করে সুপার ১২-এর জন্য যোগ্যতা অর্জন করেছিল। কিন্তু সুপার ১২ পর্বে তাদের করুণ চেহারা প্রকট হয়ে ওঠে। এই পর্বে মাহমুদুল্লাহর নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার কাছে হেরে সুপার ১২-য় একটিও পয়েন্ট না পেয়ে ফিরে আসে। বাংলাদেশের সামনে লঙ্কান এবং ক্যারিবিয়ান দলকে হারানোর সুযোগ ছিল, কিন্তু কঠিন মুহূর্তে তারা তাদের স্নায়ু ধরে রাখতে ব্যর্থ হয়েছিল।
‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটিতে দুই সদস্য রয়েছেন- পরিচালক জালাল ইউনুস ও এনায়েত হোসেন। সদস্যদের জন্য কোনো সময়সীমা দেয়নি বিসিবি, তবে যত তাড়াতাড়ি সম্ভব কাজটি শেষ করতে বলা হয়েছে।
১৯শে নভেম্বর থেকে বাংলাদেশ তাদের পরবর্তী সিরিজে নামবে। নিজেদের ঘরের মাঠে তারা তিনটি টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে। নিযুক্ত কমিটি দলের প্রস্তুতিতে কোনরকম বাধা দেবে না।
গভীর অস্থিরতায় বাংলাদেশ ক্রিকেট
“এটি প্রায় একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির মতো। আমাদের এত খারাপ পারফর্ম করার কথা ছিল না। বিশ্বকাপে খেলতে যাওয়া খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং বোর্ড কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলব। এমনকি আমরা গণমাধ্যমের সদস্যদের সঙ্গে কথা বলব। ঠিক কী ঘটেছে আমরা তা খুঁজে বের করার চেষ্টা করব,” জালাল ইএসপিএনক্রিকইনফোতে বলেছেন।
“আমরা আগামীকাল থেকে আমাদের কাজ শুরু করব তবে কমিটির জন্য কোনও সময়সীমা নেই। আমরা পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাতে চাই না। আমরা কোচের রিপোর্টটিও দেখব, তবে আমরা ম্যানেজার এবং কোচের সাথে মৌখিকভাবে আলাদা করে কথা বলব,” তিনি যোগ করেছেন।
এর আগে সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে আলোচনা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মাশরাফি দলের প্রতি সমর্থন না দেখানোর জন্য বোর্ড সদস্য এবং সাপোর্ট স্টাফদের তিরস্কার করেছিলেন।
আল আমেরাতে স্কটদের বিপক্ষে টাইগাররা হেরে যাওয়ার পর মাহমুদউল্লাহ ও বিসিবি সভাপতির মধ্যেও বাকযুদ্ধ হয়। পাপন বলেছিলেন যে বাংলাদেশ জঘন্য খেলেছে, যার উত্তরে মাহমুদউল্লাহ বলেছিলেন যে খেলোয়াড়রা মানুষ, তারা ভুল করতেই পারে।