শেষ হল একটি অবিস্মরণীয় অধ্যায়, আইপিএল থেকে অবসর নিলেন ডোয়েন ব্রাভো

আইপিএল ২০২৩-এ সিএসকের বোলিং কোচ হিসেবে দেখা যাবে ব্রাভোকে

Dwayne Bravo
Dwayne Bravo. (Photo Source: IPL/BCCI)

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ডোয়েন ব্রাভো দীর্ঘ ১৫ বছর ধরে টুর্নামেন্টে অংশ নেওয়ার পর তাঁর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কেরিয়ারে ইতি টেনেছেন। গত মাসে চেন্নাই সুপার কিংস (সিএসকে) যখন ধরে রাখা খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছিল, সেখানে তাঁর নাম ছিল না এবং নিলামের জন্য প্রকাশিত তালিকায় তাঁর নাম না থাকায় অনেকেই অবাক হয়েছিলেন। এদিকে, ব্রাভো নিজেই নিশ্চিত করেছেন যে কেরিয়ারে এগিয়ে যাওয়ার সময় এসেছে।

বর্তমান বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি এক বছরের জন্য বিরতি নেওয়ায় আইপিএল ২০২৩-এর জন্য সিএসকে-র বোলিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে ব্রাভোকে। এই বিষয়ে ব্রাভো বলেছেন যে এক দশকেরও বেশী সময় ধরে যে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তিনি যুক্ত তাদের হয়ে নতুন ভূমিকা নেওয়ার জন্য তিনি উন্মুখ এবং কৃতজ্ঞ যে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী হিসাবে তাঁর কেরিয়ার শেষ করতে পেরেছেন তিনি।

“আমি এই নতুন যাত্রার অপেক্ষায় রয়েছি কারণ আমার খেলার দিনগুলি সম্পূর্ণভাবে শেষ করে আমি এমন কিছুই করার কথা ভেবেছি। আমি বোলারদের সঙ্গে কাজ করা উপভোগ করি এবং এমন একটি ভূমিকা নিয়ে আমি উত্তেজিত,” ব্রাভো তাঁর বিবৃতিতে জানিয়েছেন।

তিনি আরও যোগ করেছেন, “আমার মনে হয় না খেলোয়াড় থেকে কোচ হওয়ার ক্ষেত্রে আমাকে অনেক সামঞ্জস্য করতে হবে কারণ আমি যখন খেলেছি, আমি সবসময় বোলারদের সঙ্গে কাজ করেছি এবং কীভাবে ব্যাটারদের থেকে এক ধাপ এগিয়ে থাকা যায় সে সম্পর্কে পরিকল্পনা ও ধারণা নিয়ে আসার চেষ্টা করি। একমাত্র পার্থক্য হল আমি আর এখন মিড-অন বা মিড-অফে দাঁড়াবো না। আমি কখনই ভাবিনি যে আমি আইপিএলের ইতিহাসে শীর্ষস্থানীয় উইকেট শিকারী হব। তবে আইপিএল ইতিহাসের অংশ হতে পেরে আমি খুশি!” 

ব্রাভো সুপার কিংস পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, বলেছেন সিএসকে সিইও 

আইপিএলের অন্যতম সেরা বোলার হওয়ার জন্য ডোয়েন ব্রাভোকে অভিনন্দন জানিয়েছেন সিএসকে সিইও কাসি বিশ্বনাথন এবং তাঁকে দলের সাপোর্ট স্টাফ হিসেবে স্বাগত জানিয়েছেন। ক্যারিবিয়ান ক্রিকেটারের নির্দেশনায় সিএসকে বোলারদের উন্নতির বিষয়েও তিনি আত্মবিশ্বাসী।

“আইপিএলে অসাধারণ কেরিয়ারের জন্য ডোয়েন ব্রাভোকে অভিনন্দন। সে এক দশকেরও বেশী সময় ধরে সুপার কিংস পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং সেই সুসম্পর্ক বজায় রাখতে পেরে উত্তেজিত। ব্রাভোর বিশাল অভিজ্ঞতা আমাদের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের জন্য অপরিসীম মূল্যবান হবে । আমরা আত্মবিশ্বাসী যে আমাদের বোলিং গ্রুপ তার নির্দেশনায় উন্নতি লাভ করবে,” বলেছেন কাসি।

close whatsapp