দায়িত্ব ছাড়ার আগে রোমাঞ্চকর বক্তব্য রাখলেন বিদায়ী কোচ রবি শাস্ত্রী

এই ভারতীয় দলকে বিশ্বক্রিকেটের অন্যতম সেরা দল হিসেবে আখ্যা দিলেন

Ravi Shastri
Ravi Shastri. (Photo Source: Getty Images)

ভারতের বিদায়ী প্রধান কোচ রবি শাস্ত্রী ২০২১ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অভিযান শেষ হওয়ার পরে ড্রেসিংরুমে একটি আবেগপূর্ণ বক্তৃতা দিয়ে জানিয়েছেন যে এই দলটি তাঁর প্রত্যাশা ছাড়িয়ে গেছে। 

২০১৭ সালে পূর্ণ-সময়ের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর শাস্ত্রী ভারতকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গিয়েছিলেন৷ অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে পরপর দুবার পরাজিত করা থেকে শুরু করে ৪২ মাস ধরে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে আধিপত্য বজায় রাখা পর্যন্ত; দলটি যা অর্জন করেছে তা অভূতপূর্ব। 

বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে রবি শাস্ত্রী বর্তমান স্কোয়াডকে ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা দলগুলির মধ্যে একটি হিসাবে প্রশংসা করেছেন।

“তোমরা যেভাবে খেলেছ তাতে একটি দলের কাছ থেকে আমার যা প্রত্যাশা তাকে ছাড়িয়ে গেছ। গত কয়েক বছরে তোমরা বিশ্বজুড়ে, সমস্ত ফর্ম্যাট জুড়ে প্রায় সমস্ত বড় প্রতিপক্ষকে হারিয়ে একটি দুর্দান্ত দল হয়ে উঠেছ, ” ৫৯ বছর বয়সী বলেছেন।”

“এই দলটি শুধু একটি দুর্দান্ত ভারতীয় ক্রিকেট দল হিসেবেই নয়, গত ৫-৬ বছর ধরে যা খেলেছে তাতে বিশ্বক্রিকেটের অন্যতম সেরা দল হিসেবে থেকে যাবে। ফলাফলই তার প্রমাণ। হ্যাঁ এটা ঠিক যে এই টূর্নামেন্টটি আমদের জন্য ভালো কাটেনি, আমরা ১-২টি আইসিসি টুর্নামেন্ট জিততে পারতাম যা হয়নি কিন্তু এটাই খেলা, ভবিষ্যতেও আরও সুযোগ পাওয়া যাবে। পরবর্তী সুযোগ এলে তোমরা আরও অভিজ্ঞ হয়ে সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারবে,” রবি শাস্ত্রী যোগ করেন। 

রবি শাস্ত্রীর অধীনে ভারত সব ফরম্যাট জুড়ে ১৮৩টি ম্যাচের মধ্যে ১১৮টি ম্যাচ জিতেছে। যদিও ভারতের প্রধান কোচ হিসেবে শাস্ত্রীর ঝুলিতে কোন আইসিসি ট্রফি থাকবে না, তবুও এই কথা মানতেই হবে শাস্ত্রী এমন একটি দল তৈরি করতে সক্ষম হয়েছিলেন যা বিশ্বের যে কোনও প্রান্তে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলে জিততে সক্ষম। 

“কী অর্জন করেছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ কী অতিক্রম করতে সক্ষম হয়েছেন” – রবি শাস্ত্রী

গত কয়েক বছরে শাস্ত্রী এবং বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যে সংস্কৃতি গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন, সেখান থেকেই গড়ে উঠেছে সব দেশে গিয়ে সিরিজ জেতার মনোভাব।

“আমার কাছে জীবনে কী অর্জন করেছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ কী অতিক্রম করতে সক্ষম হয়েছেন। গত দুই বছরে কোভিড ও সেই সংক্রান্ত যা কিছু বাধা সবকিছুকে অতিক্রম করে আমরা যে সর্বোচ্চ স্তরের খেলা খেলতে পেরেছি সেটাই এই ভারতীয় দলটি সম্পর্কে আমার সবচেয়ে পছন্দের বিষয়,” রবি শাস্ত্রী উপসংহারে বলেছেন।

বিদায়ী প্রধান কোচ তাঁর ভবিষ্যৎ নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি। তবে রিপোর্ট অনুযায়ি, রবি শাস্ত্রী সিভিসি ক্যাপিটালসের মালিকানাধীন আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের ভূমিকা নিতে পারেন। 

close whatsapp