আইপিএল নিলাম ২০২৩: ₹২ কোটি বেস প্রাইস ২১ জনের, তালিকায় নেই একজন ভারতীয়ও
মোট ৯৯১জন খেলোয়াড় আসন্ন নিলামের অংশ হবেন
আপডেট করা - Dec 2, 2022 11:31 am

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ মরসুমের নিলাম ২৩শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এবং ৯৯১ জন খেলোয়াড় এই ইভেন্টের জন্য নাম নথিভুক্ত করেছেন। তাঁদের মধ্যে ২১ জন খেলোয়াড় তাঁদের বেস প্রাইস ₹২ কোটির শীর্ষ বন্ধনীতে তালিকাভুক্ত করেছেন। আইপিএলের নিলামের ইতিহাসে প্রথমবারের মতো একজন ভারতীয় খেলোয়াড়ও শীর্ষ বন্ধনীতে নেই, অন্তর্ভুক্ত সব খেলোয়াড়ই বিদেশী।
উল্লেখযোগ্য নামগুলির মধ্যে, অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথ ও মার্নাস ল্যাবুশেন নিলামের তালিকায় তাঁদের নাম রাখেননি। ইএসপিএনক্রিকইনফো অনুসারে, স্যাম কারান, ক্যামেরন গ্রিন, কেন উইলিয়ামসন, বেন স্টোকসরা তাঁদের বেস প্রাইস ₹২ কোটি রেখেছেন এবং নিলামের সময় তাঁদের দিকে নজর থাকবে।
আজিঙ্ক্যা রাহানে, ইশান্ত শর্মা তাঁদের বেস প্রাইস কমিয়েছেন
আজিঙ্ক্যা রাহানে, মায়াঙ্ক আগরওয়াল, ইশান্ত শর্মাসহ ১৯জন আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকা ভারতীয় খেলোয়াড় এইবারের নিলামে অংশ নেবেন। গতবার বেস প্রাইস ₹১ কোটি টাকা রাখা রাহানে এই বছর কমিয়ে ₹৫০ লাখ করেছেন, অন্যদিকে ইশান্ত শর্মার জন্য নিলাম শুরু হবে ₹৭৫ লাখ থেকে। মায়াঙ্ক আগরওয়ালকে গতবার পাঞ্জাব কিংস ₹১৪ কোটি দিয়ে ধরে রেখেছিল কিন্তু নিলামের জন্য তাঁর বেশ প্রাইস ₹১ কোটি রেখেছেন।
প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুটও নিলামের জন্য তাঁর নাম নথিভুক্ত করেছেন এবং তাঁর বেস প্রাইস ₹১ কোটি রেখেছেন এবং কোন দল তাঁকে নিতে আগ্রহ দেখায় কিনা তা দেখার বিষয় হবে।
₹২ কোটি বেস প্রাইস থাকা খেলোয়াড়
ন্যাথান কুল্টার-নাইল, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, ক্রিস লিন, টম ব্যান্টন, স্যাম কারান, ক্রিস জর্ডান, টিমাল মিলস, জ্যামি ওভারটন, ক্রেগ ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, অ্যাডাম মিল্ন, জেমস নিশ্যাম, কেন উইলিয়ামসন, রাইলি রসৌ, রাসি ফান ডার ডাসেন, অ্যাঞ্জেলো ম্যাথিউস, নিকোলাস পুরান, জেসন হোল্ডার।
₹১.৫ কোটি বেস প্রাইস থাকা খেলোয়াড়
শন অ্যাবট, রাইলি মেরেডিথ, ঝাই রিচার্ডসন, অ্যাডাম জ্যাম্পা, শাকিব আল হাসান, হ্যারি ব্রুক, উইল জ্যাক্স, ডাউইড মালান, জেসন রয়, শেরফেন রাদারফোর্ড।
₹১ কোটি বেস প্রাইস থাকা খেলোয়াড়
মায়াঙ্ক আগরওয়াল, কেদার যাদব, মণীশ পান্ডে, মহম্মদ নবি, মুজিব-উর-রহমান, মইজেস অনরিকস, অ্যান্ড্রু টাই, জো রুট, লিউক উড, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, মার্টিন গাপ্টিল, কাইল জ্যামিসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হাইনরিখ ক্লাসেন, তাব্রেইজ শামসি, কুসাল পেরেরা, রস্টন চেজ, রাহকিম কর্নওয়াল, সে হোপ, আকিল হোসেন, ডেভিড ভিসা।