‘গ্রিনের জন্য টাকা সরিয়ে রেখেছি’ – সাফ স্বীকার করলেন দিল্লি ক্যাপিটালস কোচ রিকি পন্টিং
নিলামের জন্য ১৯.৪৫ কোটি টাকা রয়েছে ক্যাপিটালসের কাছে
আপডেট করা - Nov 30, 2022 4:31 pm

দিল্লি ক্যাপিটালস (ডিসি) প্রধান কোচ রিকি পন্টিং প্রকাশ্যে স্বীকার করেছেন যে আসন্ন আইপিএল ২০২৩ নিলামে অস্ট্রেলিয়ার উঠতি তরুণ অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে সই করানোর জন্য ফ্র্যাঞ্চাইজি ভালো পরিমাণ অর্থ আলাদা করে রেখেছে।
বুধবার (৩০শে নভেম্বর) অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পার্থ টেস্টের প্রথম দিনে পন্টিং এই মন্তব্য করেছেন। অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে ডিসি কোচ বলেছিলেন যে তাঁদের কথোপকথনটি তিনি দ্রুত পরিবর্তন করতে চান আসন্ন আইপিএল নিলামের দিকে এবং তাঁকে জিজ্ঞাসা করতে চান যে তিনি আগামী বছরের আইপিএলে গ্রিনের খেলার ব্যাপারে কিছু জানেন কিনা।
গ্রিন সম্পর্কে তোমার সঙ্গে কথা বলতে সত্যিই আগ্রহী: রিকি পন্টিং
চ্যানেল ৭ক্রিকেট-এ পন্টিং ম্যাকডোনাল্ডকে বলেছেন, “হয়তো এই আলোচনার সঙ্গে সম্পর্কিত নয়, তবে আমি আইপিএলে ক্যাম গ্রিন সম্পর্কে তোমার সঙ্গে কথা বলতে সত্যিই আগ্রহী কারণ আমি এই বছর দিল্লি ক্যাপিটালসে তার জন্য টাকা সরিয়ে রেখেছি এবং আমি জানতে চাই সে সত্যিই খেলতে পারবে কিনা।”
গ্রিন আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ নিলামে তাঁর নাম নথিভুক্ত করেছেন এবং আশা করেন যে টুর্নামেন্টের অভিজ্ঞতা তাঁকে ভবিষ্যতে আরও ভালো টি-২০ খেলোয়াড় হতে সাহায্য করবে। এই নিলামে তাঁর চাহিদা অনেক বেশী হওয়ার সম্ভাবনা। এই বছরের সেপ্টেম্বরে যখন তিনি অস্ট্রেলিয়ার হয়ে ভারত সফরে এসেছিলেন তখন তিনটি ম্যাচে দুটি অর্ধশতক করেছিলেন, যার মধ্যে একটি এসেছিল মাত্র ১৯ বলে।
উল্লেখ্য, দিল্লি ক্যাপিটালস আসন্ন আইপিএল ২০২৩ নিলামের আগে চারজন খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে এবং ট্রেডিং উইন্ডো ব্যবহার করে একটি অদলবদল করেছে। ঋষভ পন্তের নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে আমান খানকে নিয়ে শার্দূল ঠাকুরকে ছেড়ে দিয়েছে।
মুক্তিপ্রাপ্ত অন্যান্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন কেএস ভরত, টিম সাইফার্ট, মনদীপ সিং ও অশ্বিন হেব্বার। তাদের কাছে অবশিষ্ট রয়েছে ১৯.৪৫ কোটি টাকা। আসন্ন নিলামের আগে পূর্ববর্তী নিলামের অবশিষ্ট অর্থের সঙ্গে আরও ৫ কোটি টাকা করে দেওয়া হচ্ছে প্রতিটি দলকে। আগামী ২৩শে ডিসেম্বর, কোচিতে মিনি-নিলাম অনুষ্ঠিত হবে। দিল্লি-কেন্দ্রিক ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক ২ জন বিদেশীকে কিনতে পারবে নিলাম থেকে।