ভয়ডরহীন ক্রিকেটের অভাবেই ভারত ভালো খেলতে পারছে না, মত নাসের হুসেনের

তিনি মনে করেন ভারতের প্ল্যান 'বি'র অভাব

Indian Team
Indian Team. (Photo by Francois Nel/Getty Images)

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন মনে করেন যে আইসিসি ইভেন্টগুলিতে ভারত নির্ভীক ক্রিকেট খেলে না, যদিও একটি অত্যন্ত প্রতিভাবান দল হিসেবে তারা ওইভাবে খেলতে সক্ষম।

সোমবার নামিবিয়ার বিরুদ্ধে তাদের শেষ সুপার ১২ ম্যাচে নামছে ভারত। নিউজিল্যান্ড এবং পাকিস্তান গ্রুপ  টু থেকে সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করায় ভারতকে বাড়ি ফেরার বিমান ধরতে হচ্ছে।

২০১৩-র পর থেকে আর কোন বৈশ্বিক টূর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়নি। দ্বিপাক্ষিক সিরিজে ধারাবাহিকভাবে ভালো খেলা সত্ত্বেও আইসিসি ইভেন্টে ভারতের লাগাতার ব্যর্থতা সম্পর্কে হুসেনের মত, মানসিকভাবে ভারত পিছিয়ে থাকে বলে বহু-দেশীয় ইভেন্টে ভারত হতাশ করছে।

ভারতের একটি প্ল্যান ‘বি’ দরকার

টি২০ওয়ার্ল্ডকাপ.কম-এর সাথে কথা বলতে গিয়ে তিনি বিস্তারিতভাবে বলেছেন, “মাঠে নেমে নিজেকে জাহির করতে হবে। ভারতের অনেক প্রতিভা রয়েছে। আর সেটাই আইসিসি ইভেন্টে ভারতের কাল হয়। অতি প্রতিভাবানদের ভীড়ে দলটি ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে না।”

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানের কাছে ১০ উইকেটে পরাজিত হয়ে ভয়াবহভাবে অভিযান শুরু করেছিল। পাকিস্তানের প্রশংসা করে, হুসেন স্বীকার করেছেন যে ওই পরাজয়টি ভারতকে একটি বড় ধাক্কা দেয়। তিনি মন্তব্য করেছেন, “ভারত এখানে ফেভারিট হিসাবে এসেছিল। তারা এখানে আইপিএল খেলছিল। তারকাখচিত দল। প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে তারা। পাওয়ারপ্লেতে শাহীন আফ্রিদি যেভাবে বোলিং করেছেন, রোহিত এবং রাহুল যে দুটি ডেলিভারি পেয়েছেন, তাতে যেকোন ক্রিকেটারই আউট হতেন। এটাই ভারতের জন্য সমস্যাজনক। যেকোন দলের একটি প্ল্যান ‘বি’ দরকার এবং ভারতের কাছে এটির অভাব।”

প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক আরও মতামত দিয়েছেন যে ভারত তাদের দল নির্বাচনে এবং নিউজিল্যান্ড ম্যাচে ওপেনিং জুটি বাছতে ভুল করেছিল যার খেসারত দিতে হয়েছে। তিনি বিশদভাবে বলেছেন, “আমি ভারতকে খুব প্রতিভাবান দল হিসাবে দেখি তবে কখনও কখনও নির্বাচনের দিক থেকে ভুল করে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে, রোহিত এবং রাহুলকে আলাদা করার ভাবনাটি ঠিক ছিল না।”

নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার সাইমন ডুলের মতে, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই ভারত তাদের সেরা খেলাটি বের করে না আনার ফলেই এখন তার মূল্য চোকাচ্ছে।

গত একমাস ধরে আইপিএল ২০২১-এর জন্য খেলোয়াড়রা সংযুক্ত আরব আমিরশাহীতে থাকা সত্ত্বেও  ওখানকার পরিস্থিতিতে ভারতের মানিয়ে নিতে সমস্যা হয়েছে মেনে নিতে পারছেন না ডুল। তিনি বলেন, “ভারত শুরু থেকে তাদের সেরা অবস্থায় ছিল না। গত দেড় মাস ধরে এখানে খেলার মধ্যে থাকার পরেও ভারত ভালো খেলেনি। ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ড অসামান্য ছিল।”

close whatsapp