তৃতীয় টি-২০র আগে স্কোয়াড থেকে সরে গেলেন কেন উইলিয়ামসন
অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে টিম সাউদিকে
আপডেট করা - Nov 21, 2022 11:04 am

নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ভারতের বিরুদ্ধে চলমান সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না কারণ একটি পূর্ব-পরিকল্পিত মেডিক্যাল অ্যাপয়েন্টমেন্টে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। নেপিয়ারে সিরিজের শেষ টি-টোয়েন্টির জন্য অভিজ্ঞ কিউই পেসার টিম সাউদিকে অধিনায়ক মনোনীত করা হয়েছে।
কিউই অধিনায়ক ২৫শে নভেম্বর শুক্রবার একদিনের আন্তর্জাতিকের আগে স্কোয়াডে ফিরে আসবেন। ঘরের মাঠে সিরিজ শুরুর আগেই বলা হয়েছিল যে একটি ব্যস্ত সময়সূচীর কারণে উইলিয়ামসন তাঁর কাজের চাপ সামলানোর জন্য কিছু ম্যাচে নাও খেলতে পারেন।
“কেন বেশ কিছু দিনের জন্য এটি (অ্যাপয়েন্টমেন্ট) বুক করার চেষ্টা করছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সময়সূচীর সঙ্গে সংঘর্ষ হয়ে গেছে। আমাদের খেলোয়াড় এবং কর্মীদের স্বাস্থ্য এবংভালো থাকা সর্বাগ্রে, এবং আমরা তাকে অকল্যান্ডে দেখার জন্য উন্মুখ,” তৃতীয় টি-টোয়েন্টির আগে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে নিউ জিল্যান্ড ক্রিকেট (NZC) জানিয়েছে।
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০তে হাফ সেঞ্চুরি করেছিলেন কেন উইলিয়ামসন
একইসঙ্গে, নিউ জিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেডও স্পষ্ট করে দিয়েছেন যে দীর্ঘদিন ধরে উইলিয়ামসনকে ভুগিয়ে আসা কনুইয়ের চোটের সঙ্গে এই মেডিক্যাল অ্যাপয়েন্টমেন্টের কোন সম্পর্ক নেই। সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক হিসেবে সাউদিকে নিয়োগ করার পাশাপাশি মিডল অর্ডার ব্যাটার মার্ক চ্যাপম্যানকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে উইলিয়ামসনের অনুপস্থিতিতে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ একেবারেই ছন্দে ছিলেন না কেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনালে ব্যাট হাতে রান পেলেও অত্যন্ত মন্থর গতিতে সেই রান এসেছিল। ৪২ বল খেলে মাত্র ৪৬ রান করেছিলেন এবং সেট হয়ে যাওয়ার পরেও আগ্রাসী শট খেলতে ব্যর্থ হওয়ায় দলের রান রেট বিশেষ বাড়েনি। ২০ ওভারে নিউ জিল্যান্ড মাত্র ১৫২ রানে পোঁছতে পেরেছিল। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও মহাম্মদ রিজওয়ানের ওপেনিং জুটিতে ১০৫ রান ওঠে এবং ১৯.১ ওভারে নিউ জিল্যান্ডের খাড়া করা লক্ষ্য অতিক্রম করে টুর্নামেন্ট থেকে কিউয়িদের ছিটকে দেন।
এমনকি বে ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের ১৯১ রানের বিশাল স্কোর করেছিল। উইলিয়ামসন এই ম্যাচেও রান পেয়েছেন, তবে এবারেও তাঁর স্ট্রাইক রেট বিশেষ উন্নত ছিল না। ৫২ বলে ৬১ রান করেছিলেন কিউ জিল্যান্ডের অধিনায়ক এবং তাঁর নেতৃত্বাধীন দল মাত্র ১২৬ রানে অল আউট হয়ে যায়।