বিদেশী টি-২০ লিগে ভারতীয়দের খেলতে পাঠানোর প্রশ্নে মুখে কুলুপ আঁটলেন দ্রাবিড়, বল ঠেললেন বিসিসিআইয়ের কোর্টে

টি-২০ বিশ্বকাপ সেমি-ফাইনালে ভারতীয় দলকে দুরমুশ করে দিয়ে জিতেছে ইংল্যান্ড

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Gareth Copley/Getty Images)

এই মুহূর্তে পরিপূর্ণ সময়সূচীর মধ্যেও বিসিসিআই যদি ভারতীয় খেলোয়াড়দের বিদেশী লিগে অংশগ্রহণের অনুমতি দেয় তবে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে হবে, মত ভারতীয় প্রধান কোচ রাহুল দ্রাবিড়। সুপার ১২ পর্বে আধিপত্য দেখানো সত্ত্বেও রোহিত শর্মার নেতৃত্বাধীন দল আবারও একটি নকআউট পর্বের ম্যাচে  বিধ্বস্ত হয়েছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ থেকে বিদায় নিয়েছে। ভারতীয় বোলিংকে চুড়মার করে দিয়ে ইংল্যান্ডের দুই ওপেনার অপরাজিত থেকে মাত্র ১৬ ওভারে ম্যাচ শেষ করে দিয়েছেন।

অস্ট্রেলিয়ার কন্ডিশনে দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে টুর্নামেন্টে আসা অ্যালেক্স হেলস ইংল্যান্ডের হয়ে গেম চেঞ্জারের ভূমিকায় অবতীর্ণ হন এবং ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাতটি ছক্কা ও চারটি চারের সাহায্যে ৪৭ বলে ৮৬ রান করেছিলেন। বিগ ব্যাশ লিগে (বিবিএল) তাঁর নিয়মিত খেলার অভিজ্ঞতা থাকায় অস্ট্রেলিয়ার মাঠ তাঁর কাছে বেশ পরিচিত এবং পুরো ইনিংস জুড়ে কোন ভারতীয় বোলারকেই রেয়াত করেননি তিনি। 

প্রভাব পড়বে রঞ্জি ট্রফি ও টেস্ট ক্রিকেটের উপর: রাহুল দ্রাবিড়

হারের পর দ্রাবিড়কে প্রশ্ন করা হয়েছিল যে অন্য সমস্ত দলের মতো ভিন্ন কন্ডিশনে অভ্যস্ত হওয়ার জন্য বিসিসিআই নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ভারতীয় খেলোয়াড়দের বিদেশী লিগে পাঠাবে কিনা। দ্রাবিড় উল্লেখ করেছেন যে ভারতীয় ঘরোয়া ক্রিকেট এবং রঞ্জি ট্রফি ক্ষতিগ্রস্ত হবে যদি বিসিসিআই ভারতীয় খেলোয়াড়দের বিদেশী লিগে অংশ নিতে পাঠায় এবং তিনি মনে করেন যে টেস্ট ক্রিকেটেও প্রভাব পড়তে পারে।

“সেক্ষেত্রে আমাদের ঘরোয়া ক্রিকেট শেষ হয়ে যাবে। খুব সাবধানে থাকা দরকার। এর প্রভাব পড়বে রঞ্জি ট্রফি ও টেস্ট ক্রিকেটের উপর। বিষয়টা সেদিকে যাক, আমি সেটা চাই না,” খেলার পর সংবাদ সম্মেলনে দ্রাবিড় বলেছেন।

যেখানে বাকী দলের সদস্যদের কাছে বিবিএলের অভিজ্ঞতা ছিল, সেখানে সেই অভিজ্ঞতার অভাব ভারতের হারের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছে কিনা জানতে চাওয়া হলে দ্রাবিড় মন্তব্য করেছেন যে এই মুহূর্তে ভারতের ব্যস্ত সময়সূচীর কারণে খেলোয়াড়দের সামনে সুযোগ নেই এবং যোগ করেছেন এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা বিসিসিআই নেবে।

“হ্যাঁ, তাদের অনেক খেলোয়াড় এখানে (বিবিএলের জন্য) এসেছে। এই টুর্নামেন্টগুলির বেশীরভাগই আমাদের মরসুমের সময় ঘটে। পুরো সিদ্ধান্তটাই বিসিসিআইয়ের উপর (বিদেশী লিগে ভারতীয় খেলোয়াড়দের অনুমতি দেওয়ার প্রসঙ্গে),” তিনি যোগ করেছেন।

close whatsapp