ভারতের বিরুদ্ধে আরও একবার জয়ের ব্যাপারে আশাবাদী শাদাব খান
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে জিতে বিশ্বকাপে নামছে পাকিস্তান
আপডেট করা - Oct 22, 2022 1:40 pm

পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান বলেছেন যে তিনি অস্ট্রেলিয়ায় আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ ভারতের বিরুদ্ধে তাদের হাই-ভোল্টেজ ম্যাচের আগে আরও একবার ভালো প্রদর্শনের বিষয়ে আত্মবিশ্বাসী। দুই প্রতিদ্বন্দ্বী দেশ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তাদের প্রথম সুপার ১২ পর্বের ম্যাচে মুখোমুখি হবে।
শেষবার যখন দুই দল মুখোমুখি হয়েছিল, তখন এশিয়া কাপের সুপার ফোর পর্বে ৫ উইকেটে জিতেছিল পাকিস্তান। সেই ম্যাচে শাদাব ৩১ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। জিও নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে অলরাউন্ডার বলেছেন যে তাঁদের দল অতীতে ভারতের বিরুদ্ধে ভালো পারফর্ম করেছে এবং আরও একবার জয় পাওয়ার ক্ষেত্রে দলগতভাবে আত্মবিশ্বাসী তাঁরা।
“আমরা সম্প্রতি ভালো খেলেছি এবং যখন একটি দল হিসাবে ভালো খেলা হয়, তখন এটি আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে। আমি আশাবাদী যে আমরা একই ছন্দে খেলতে থাকব। আমরা সম্প্রতি ভারতের বিপক্ষেও ভালো করেছি, এবং আমি আরও একটি ভাল প্রদর্শনের বিষয়ে আত্মবিশ্বাসী,” শাদাব বলেছেন।
যে কোন পজিশনে ব্যাটিং উপভোগ করি: শাদাব খান
পাকিস্তানের মিডল অর্ডার নিয়ে সম্প্রতি প্রচুর আলোচনা চলছে এবং ইফতিখার আহমেদ, শান মাসুদ, খুশদিল শাহ কেউই ভরসা যোগাতে পারেননি। শাদাবকে কখনও চার বা পাঁচে নামানো হয়েছে এবং তিনি ভালো পারফর্ম করেছেন। ২৪ বছর বয়সী তাঁর ব্যাটিং পজিশন সম্পর্কে বলেছেন যে তিনি যে কোন পজিশনে দলের হয়ে খেলতে প্রস্তুত।
“এর আগে আমি উপরের পজিশনে ব্যাট করেছি এবং আমি জানি যে আমি সেখানে পারফর্ম করতে পারি। নাওয়াজের ক্ষেত্রেও তাই। আমরা দুজনেই যে কোন পজিশনে ব্যাটিং উপভোগ করি। একজন অলরাউন্ডার হওয়ার কারণে আমি খেলার তিনটি বিভাগই উপভোগ করি। যে কোন পজিশনে প্রস্তুত থাকা এবং যে কোন পর্যায়ে বোলিং করাই আমার কাজ,” যোগ করেছেন শাদাব।
পাকিস্তানের শেষ সিরিজ নিউজিল্যান্ডে আয়োজিত ত্রিদেশীয় টি-২০ সিরিজে পরপর দুই ম্যাচে মহম্মদ নাওয়াজ ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে ২০ বলে ৪৫ রানের ইনিংসের পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলেন।
মেলবোর্নে পাকিস্তান ও ভারতের ম্যাচের আগে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে শহরের আবহাওয়া যে কোন সময় বদলে যেতে পারে এবং ম্যাচ বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত নাও হতে পারে।