“ভারতীয় দলে ডাক পাওয়া সব সময়ই অনুপ্রেরণা দেয়” – সৈয়দ মুশতাক আলিতে ১২৬ করার পরে শুবমান গিল
কর্ণাটকের বিরুদ্ধে সেঞ্চুরি করে পাঞ্জাবকে সেমি-ফাইনালে তুলতে সাহায্য করেছেন গিল
আপডেট করা - Nov 16, 2022 8:22 pm

চেতন শর্মার নেতৃত্বে ভারতীয় নির্বাচক কমিটি সোমবার আসন্ন নিউজিল্যান্ড সফরের জন্য ভারতের সীমিত ওভারের দল ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পাঁচ দিন পরে এই সিরিজ শুরু হচ্ছে। স্টাইলিশ ভারতীয় ব্যাটার শুবমান গিল প্রথমবারের জন্য টি-টোয়েন্টি স্কোয়াডে নির্বাচিত হয়েছেন। সৈয়দ মুশতাক আলি টি-টোয়েন্টি ট্রফির কোয়ার্টার-ফাইনালে ইডেন গার্ডেন্সে কর্ণাটকের বিরুদ্ধে পাঞ্জাবের হয়ে একটি অনবদ্য সেঞ্চুরি করে সেই নির্বাচনকে উদযাপন করেছেন তিনি।
সিনিয়র ওপেনার রোহিত শর্মা ও কেএল রাহুলের অনুপস্থিতিতে ৫০ ওভারের ফর্ম্যাটে ২৩ বছর বয়সী ওপেনিং ব্যাটার ভারতীয় ব্যাটিং অর্ডারের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন। ভারতের ওডিআই দলের হয়ে তাঁর সাম্প্রতিক পারফর্ম্যান্স তাঁকে নিউজিল্যান্ড সফরের জন্য টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেতে সাহায্য করেছে। পাঞ্জাবের ব্যাটার প্রকাশ করেছেন যে ভারতীয় দল থেকে ডাক পাওয়া তাঁকে অনুপ্রেরণা যুগিয়েছে ৫৫ বলে ১২৬ রানের ইনিংস খেলে দলকে সেমি-ফাইনালে তোলার ক্ষেত্রে।
“বিসিসিআই টুইট করার পরে আমি টি-টোয়েন্টি স্কোয়াডে আমার নির্বাচন সম্পর্কে জানতে পারি। তবে হ্যাঁ, অবশ্যই, আপনি যখন ভারতীয় দলে থাকেন, তা যে কোনও ফর্ম্যাটের জন্যই হোক না কেন, সেটা সব সময়ই একটি অনবদ্য অনুপ্রেরণা। ভারতীয় টি-টোয়েন্টি দলের জন্য নির্বাচিত হওয়ার ফলে স্পষ্টতই আমি দারুণ অনুভব করেছি এবং আজকের (মঙ্গলবার) ইনিংসের পিছনে এটি একটি বিশাল অনুপ্রেরণা ছিল,” গিল ইডেন গার্ডেন্সে সাংবাদিকদের বলেছেন।
কেকেআর ছাড়ার কোন পরিকল্পনা আমার কখনও ছিল না: শুবমান গিল
কেকেআরের হয়ে আইপিএলে কেরিয়ার শুরু করা তারকাকে কলকাতার ফ্র্যাঞ্চাইজি গত সংস্করণের নিলামের আগে ছেড়ে দেওয়ায় নতুন প্রবেশকারী দল এবং আইপিএল ২০২২ চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স তাঁকে ড্রাফট থেকে দলে অন্তর্ভুক্ত করে। তাঁর এক সময়ের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে খেলার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি আগেও জানিয়েছিলেন যে তিনি কখনই কলকাতা-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ছেড়ে যেতে চান না এবং এই ফ্র্যাঞ্চাইজিতে ফিরে আসার বিষয়টি এখনও অস্বীকার করলেন না।
“কেকেআর ছাড়ার এমন কোন পরিকল্পনা আমার কখনও ছিল না। পরিস্থিতি যাই হোক, কেকেআর আমাকে ধরে রাখেনি। কিন্তু তারপর, আমি গুজরাত টাইটান্সে গিয়েছিলাম, সেখানে ভালো করেছি এবং আমরা আইপিএল জিতেছি। এখন আমরা ভবিষ্যদ্বাণী করতে পারি না কী ঘটবে এবং কী সম্ভাবনা তৈরি হতে পারে,” গিল যোগ করেছেন।