বিশ্বকাপে ভারতীয় দলের প্রস্তুতির প্রশংসায় সুনীল গাভাসকর
আপডেট করা - Oct 30, 2022 8:36 am

টি টোয়েন্টি বিশ্বকাপে এবার জয় দিয়েই যাত্রা শুরু করেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং পরের ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে টিম ইন্ডয়া। এবার ভারতীয় দলের সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকা। রবিবারই সেই ম্যাচে নামতে চলেছে ভারতীয় দল। তার আগেই টিম ইন্ডিয়ার প্রস্তুতি নিয়ে প্রষংসার সুর সুনীল গাভাসকরের মুখে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর অন্তত ১৮দিন আগে অস্ট্রেলিয়ার মাটিতে প্রস্তুতি সারতে চলে এসেছিল ভারতীয় দল।
গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল ভারতীয় দল। সেখানেও প্রথম ম্যাচেই ভারতীয় দলের সামনে ছিল পাকিস্তান। সেই ম্যাচ হারের সঙ্গেই ভারতীয় দলের আশা কার্যত সেবার শেষ হয়ে গিয়েছিল। এরপরই নিউ জিল্যান্ডের কাছে হেরে গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ভারতীয় দল। এবারও সেই পাকিস্তানের বিরুদ্ধেই ছিল ভারতীয় দলের প্রথম ম্যাচ। রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা কোনওরকম ঝুঁকি নিতে নারাজ ছিল। সেজন্য তো নির্ধারিত সময়ের আগেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছিল ভারতীয় দল।
ভারতের ১৮ দিন আগে অস্ট্রেলিয়ায় আসার সিদ্ধান্তকে সমর্থন করছেন সুনীল গাভাসকর
পার্থকেই এবার নিজেদের প্রস্তিতির জায়গা হিসাবে বেছে নিয়েছিল টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার পিচ মানেই সেখানে পোরদের জন্য বাড়তি সুবিধা থাকবে। সেজন্যই পার্থকে প্রস্তুতির জন্য বেছে নিয়েছিল টিম ইন্ডিয়া। প্রায় ১৮ দিন আদে থেকেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রস্তুতি আরম্ভ করে দিয়েছিল ভারতীয় দল। আর সেই ফলই এখন ভারতীয়দল পাচ্ছে বলে মনে করছেন সুনীল গাভাসকর। তাঁর মতে এবারের বিশ্বকাপের আগে ভারতীয় দলের প্রস্তুতি যথেষ্ট ভাল হয়েছে।
এই নিয়েই ইন্ডা টুডের একটি সাক্ষাতকারে সুনীল গাভাসকর জানিয়েছেন, “এই সময় এখানে তাদের প্রস্তুতি অসাধারণ হয়েছে। বিশ্বকাপে তাদের ম্যাচ শুরু হওয়ার অন্তত ১৮ দিন আগে এখানে চলে এসেছে ভারতীয়দল। পার্থে এক সপ্তাহ ও ১০ দিন কাটিয়েছে তারা। তারা হয়ত নতুন স্টেডিয়ামে খেলেনি ঠিকই, কিন্তু পুরনো ওয়াকা স্টেডিয়ামে তারা প্রস্তুতি সেরেছে। এই নতুন স্টেডিয়ামের মাটিও অবশ্য পুরনো ওয়াকা স্টেডিয়াম থেকেই আনা হয়েছে। সেই কারণেই এখানকার পিচেও সেই বাউন্স ও গতি লক্ষ্য করা যাচ্ছে। এই ভাবনাটা সত্যিই খুব ভাল ছিল তাদের”।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে অবশ্য মেলবোর্নেই নেমেছিল ভারতীয় দল। সেখানেই ব্যাট হাতে অসাধারণ ফর্মে ছিলেন বিরাট কোহলি। চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে শেষপর্যন্ত মাঠে থেকে ভারতকে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছিলেন বিরাট কোহলি। শুধু তাই নয় নেদারল্যান্ডসের বিরুদ্ধেও ভারতীয়দলের অন্যতম নায়ক ছিলেন বিরাট কোহলি।
এবার পার্থেই সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। এখানেই অবশ্য ভারতীয় দল তাদের প্রস্তুতি সেরেছে। সেখানে প্রোটিয়াদের হারিয়ে ভারতীয় দল প্রথম চারে জায়গা পাকা করে নিতে পারে কিনা সেটাই এখন দেখার।