পাকিস্তান ম্যাচের আগে বিশেষ বার্তা অধিনায়ক রোহিত শর্মার
আপডেট করা - Oct 19, 2022 10:02 pm

প্রস্তুতি শেষ। এবার টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামার পালা। গতবার এই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেই সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছিল ভারতীয় দল। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে বিশ্বকাপের মঞ্চে প্রথমবার হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। আর সেটাই যে ভারতীয় দলের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার অন্যতম প্রধান কারণ ছিল তা বলার অপেক্ষা রাখে না। এবারও টি টোয়েন্টি বিশ্বকাপে সেই পাকিস্তানের বিরুদ্ধেই যাত্রা শুরু করবে ভারতীয় দল। আগামী ২৩ অক্টোবর বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ।
সেই ম্যাচে নামার আগেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার মুখে বিশেষ বার্তা। পাকিস্তান ম্যাচ যে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে অন্যতম আবেগের সেই ব্যপারে যথেষ্ট ভালভাবেই অবগত তিনি। গতবারের ঘটনা যাতে এবারও পূণরাবৃত্তি না হয় সেদিকেই নজর রয়েছে সকলের। অস্ট্রেলিয়ার মাটিতে চলছে জোর কদমে প্রস্তুতিও। পাকিস্তানের বিরুদ্ধ নামার আগে যে ভারতীয় ক্রিকেটাররা কার্যত প্রস্তুত, সেই বার্তাই দিয়ে রাখলেন রোহিত শর্মা।
আগামী ২৩ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নামছে রোহিত শর্মারা
এবারের এশিয়া কাপেও পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিততে পারলেও, সুপার ফোরের মঞ্চে কিন্তু হেরে গিয়েছিল ভারতীয় দল। নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়েই এবার গুরে দাঁড়ানোর প্রস্তুতিতে রয়েছে টিম ইন্ডিয়া। সেই পাকিস্তানের বিরুদ্ধে নামার আগেই নিজেদের পরিকল্পনা সম্বন্ধে খানিকটা খোলসা করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। প্রত্যেকের রিল্যাক্সে থাকা এবং নিজেদের কাজ সম্বন্ধে অবগত থাকার দিকেই নাকি বিশেষ নজর দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
পাকিস্তানের বিরুদ্ধে এই প্রসঙ্গেই রোহিত শর্মা জানিয়েছেন, আমাদের সামনে রয়েছে অন্যতম বড় একটা ম্যাচ। সেই ম্যাচে নামার আগে রিল্যাক্স থাকার পাশাপাশি ব্যক্তিগতভাবে আমরা সকলে কী করব সেই সম্বন্ধে ধারনার দিকেই বিশেষ ফোকাস রাখছি। যদি ম্যাচ চলাকালীন সকলে মাথা ঠান্ডা রাখতে পারেন এবং নিজেদের সেভাবে সংযত রাখতে পারেন, তবে ম্যাচের ফলাফল আমাদের দিকে আসতেই পারে।
বুধবার টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নামার আগে ভারতীয় দলের সামনে ছিল শেষ প্রস্তুতি ম্যাচ। ব্রিসবেনে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু বৃষ্টির কারণে শেষপর্যন্ত তা সম্ভব হয়নি। শেষ প্রস্তুতি ম্যাচ ভেস্তে গিয়েছে টিম ইন্ডিয়ার। শোনাযাচ্ছে বৃহস্পতিবারই মেবলবোর্নের উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল। আগামী ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।
মেলবোর্ণেই তার শেষ মুহূর্তের প্রস্তুতিতে নামবে ভারতীয় দল।