টুইটার রিঅ্যাকশনঃ রাবাডা, নর্কিয়ার পেসের সামনে কুপোকাত বাংলাদেশ, সেমিফাইনালে পৌঁছনোর আশা দেখছে প্রোটিয়ারা

মাত্র ৮৪ রানে গুঁড়িয়ে গেল বাংলাদেশ

South Africa vs Bangladesh
South Africa vs Bangladesh. (Photo by Isuru Sameera Peiris/Gallo Images/Getty Images)

দক্ষিণ আফ্রিকা ২৩শে অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের মাধ্যমে তাদের অভিযান শুরু করেছিল। কিন্তু সেই হারকে পিছনে ফেলে তারা অবিশ্বাস্যভাবে ফিরে এসেছে। টানা তিন ম্যাচে অপরাজিত তারা। এখন নজর সেমিফাইনালের দিকে। ২রা নভেম্বর মঙ্গলবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তারা মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে। অন্যদিকে, টাইগাররা তাদের টানা চতুর্থ ম্যাচে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে। এখনো অবধি সুপার ১২তে একটিও পয়েন্ট অর্জন করতে না পারা তাদের বড় ব্যর্থতা।

রাবাডা, নর্কিয়া ভাঙলেন বাংলাদেশের মেরুদণ্ড

মহম্মদ সইফুদ্দিন ও শাকিব আল হাসান চোটের কারণে বাদ পড়ে যাওয়ার পর টাইগারদের দলের ভারসাম্য ভগ্নপ্রায়। প্রোটিয়াদের বিপক্ষে মুস্তাফিজুর রহমান না খেলায় তাদের বোলিং আরও দুর্বল হয়ে পড়ে। প্রথমে ব্যাট করতে নামার পর ১৮.২ ওভারে মাত্র ৮৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। লিটন দাস ও মাহেদি হাসান ছাড়া কেউই প্রতিরোধ দেখাতে পারেননি।

লিটন ওপেন করতে নেমে ৩৬ বলে ২৪ রান করেন। লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে মাহেদি ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলেন। সৌম্য সরকার, মুশফিকুর রহিম ও আফিফ হোসেন ধ্রুব তাঁদের খাতা খুলতে পারেননি। অধিনায়ক মাহমুদউল্লাহও তেমন প্রভাব ফেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার হয়ে আনরিখ নর্কিয়া ও কাগিসো রাবাডা নেন তিনটি করে উইকেট। তাব্রেইজ শামসির সংগ্রহে দুটি উইকেট। কেশব মহারাজ রান কম দিলেও উইকেট তুলতে ব্যর্থ হন।

স্বাচ্ছন্দ্যে লক্ষ্যপূরণ দক্ষিণ আফ্রিকার

সংক্ষিপ্ত স্কোর তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করে রিজা হেনড্রিক্সকে এলবিডব্লিউ আউট করেন। কুইন্টন ডি কক তিনটি বাউন্ডারি মেরে ভালো শুরু করলেও মাহেদি হাসানের বলে বোল্ড হয়ে ১৬ রান করে ড্রেসিংরুমের পথ ধরেন। এই বিশ্বকাপে ভালো ফর্মে থাকা এইডেন মার্করাম স্লিপের হাতে ক্যাচ দিয়ে তাসকিনের বলে আউট হন খাতা না খুলেই। পাওয়ারপ্লেতে ৩৩ রানে ৩ উইকেট হারানোর পর দক্ষিণ আফ্রিকা সাময়িক চাপে পড়ে গিয়েছিল।

তবে প্রোটিয়াদের উপর চাপ পড়তে দেননি অধিনায়ক তেম্বা বাভুমা ও র‍্যাসি ফান ডার ডাসেন। চতুর্থ উইকেটে তাঁরা ৪৭ রানের পার্টনারশিপ গড়ে তুলে দলকে প্রায় জয়ের মুখে নিয়ে যান। ২২ রান করে ফান ডার ডাসেন যখন নাসুম আহমেদের বলে আউট হচ্ছেন তখন জেতার জন্য দরকার মাত্র ৫ রান। অন্য প্রান্তে বাভুমা ২৮ বলে তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে ৩১ রানে অপরাজিত থাকেন।

প্রোটিয়াদের এই বড় জয়ের পর সোশ্যাল মিডিয়ায় তাদের সমর্থকদের মধ্যে খুশির রেশ। অন্যদিকে তীব্র সমালোচিত হচ্ছে টাইগাররা। তাদের কাছে একমাত্র আশার আলো ফান ডার ডাসেনকে প্যাভিলিয়নের রাস্তায় ফেরানো শরিফুল আহমেদের ক্যাচটি, যা নিয়ে ইতিমধ্যেই টুইটারে আলোচনা হচ্ছে। রইল বাছাই করা টুইটগুলি।

close whatsapp