বাংলাদেশকে ৬ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা
আপডেট করা - Nov 2, 2021 7:25 pm

আবার হার বাংলাদেশের। মাত্র ৮৪ রানে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস। আর অনায়াসে ম্যাচ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। আর টানা তিন ম্যাচে জিতে সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলল দক্ষিণ আফ্রিকা। এদিন প্রথমে ব্যাচ করে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। প্রথম উইকেটের পতন হয় ২২ রানে। আর তারপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। কিন্তু শেষ পর্যন্ত সেটা রক্ষা করা যায়নি। মাত্র ৮৪ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।
লিটন দাস ২৪ ও শেষ দিকে মেহেদি হাসান ২৭ করলেও বাকিরা কেউ রান পাননি। দক্ষিণ আফ্রিকার দুই জোরে বোলার কাগিসো রাবাডা ও আনরিখ নোখিয়া ৩টি করে উইকেট নেন। লেগ স্পিনার তাবরেজ শামসি নেন ২টি উইকেট। ১৮.৪ ওভারে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রিজা হেনড্রিক্সের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি’কক ১৬ রানে আউট হন। মার্করামও রান পাননি। যদিও লক্ষ্য কম থাকায় খুব একটা সমস্যা হয়নি দক্ষিণ আফ্রিকার। ভ্যান ডার ডুসেন ও অধিনায়ক বাভুমা জুটি বাঁধেন। ঝুঁকি না নিয়ে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান তাঁরা। শেষ পর্যন্ত ১৩.৩ ওভারে প্রয়োজনীয় রান তুলে ৬ উইকেটে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা। ডুসেন ২২ রান করে আউট হলেও বাভুমা (৩১) অপরাজিত থাকেন। এই জয়ের ফলে শেষ চারের আরও কাছে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। চাপ বাড়ল অস্ট্রেলিয়ার উপর।
অন্যদিকে, আগামিকাল আফগানিস্তানের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। কার্যত টি ২০ বিশ্বকাপের যাত্রা শেষ হলেও আশা ছাড়তে রাজি নয় কেউই। তাই অঘটন ঘটলে ভারত যাতে নিজেদের রান রেট বাড়িয়ে তিনটে ম্যাচ জিততে পারে সেই আশায় বুক বাঁধছে সমগ্র ভারতবাসী।