৯০ শতাংশ দল প্রস্তুত হয়ে গিয়েছে, এশিয়া কাপে হারের পর বার্তা রোহিত শর্মার

Rohit Sharma
Rohit Sharma. ( Photo Source: FanCode )

এশিয়া কাপে শুরুটা ভালভাবে করলেও, শেষরক্ষা করতে পারেনি টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার কাছে সুপার ফোরের ম্যাচে হেরে এশিয়া কাপ থেকে ভারতীয় দলের আশা কার্যত শেষ হয়ে গিয়েছে। এখন শুধুই অঙ্কের বিচারে ভারতের ফাইনালে পৌঁছনোর একটা কিঞ্চিত আশা রয়েছে। এমন পরিস্থিতিতে হতাশ হওয়াটাই তো স্বাভাবিক। ব্যর্থ হওয়ার পর সেই হতাশার সুর রোহিত শর্মার কথাতেও বোঝা গিয়েছে। একইসঙ্গে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে তাদের দল ৯০ শতাংশ প্রস্তুত হয়ে গিয়েছে তাও রোহিত শর্মার কথা থেকে কার্যত স্পষ্ট।

পাকিস্তান থেকে শ্রীলঙ্কা। সুপার ফোরের দুই ম্যাচেই প্রথমে ব্যাটিং পেয়েছিল ভারতীয় দল। কিন্তু একটি ম্যাচেও জিততে পারেনি তারা। দুই ম্যাচেই ভারতের ব্যাটিং ব্যর্থতার চিত্র দেখা গিয়েছিল। যদিও পাকিস্তানের বিরুদ্ধে বড় রান পেয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু সেই ম্যাচে জয় অধরাই রয়ে গিয়েছিল ভারতীয় দলের। আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা।

শ্রীলঙ্কার বিরুদ্ধেই  এবারের এশিয়া কাপে প্রথম অর্ধশতরান পেয়েছেন রোহিত শর্মা

ভারতীয় দল ১৭৪ রানের লক্ষ্য দিলেও, শ্রীলঙ্কাকে কিন্তু আটকাতে পারেনি টিম ইন্ডিয়া। ৬ ুইকেটে সেই ম্যাচ হেরে গিয়েছেন রোহিত শর্মারা। সেইসঙ্গে এবারের মতো এশিয়া কাপের যাত্রাও কার্যত শেষ হয়ে গিয়েছে ভারতীয় দলের। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা। যদিও রোহিত শর্মা কিন্তু নিজের জায়গাতেই অনড়। অবশ্যই দলে যে এখনও কিছু জায়গায় পরিবর্তনের প্রয়োজন রয়েছে তা বলতে কোনও দ্বিধা করেননি রোহিত শর্মা। এখনও তাদের বেশকিছু উত্তর পাওয়ার দরকার রয়েছে।

তবে ভারতীয় দল যে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৯০ থেকে ৯৫ শতাংশ প্রস্তুতও হয়ে গিয়েছে সেই কথাও কিন্তু জানাতে ভোলেননি রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, “আমাদের এখনও বেশকিছু প্রশ্নের উত্তর পাওয়ার দরকার রয়েছে। সেই পথে এখনও পর্যন্ত তিন থেকে চারটি সিরিজ খেলেছি আমরা। কিছু প্রশ্নের উত্তর অবশ্যই পাওয়া গিয়েছে। সেই সময় অবশ্যই আসবে যেখানে আমপরা বলতে পারব যে আমাদের কম্বিনেশন একেবারেই প্রস্তুত হয়ে গিয়েছে। এরপর এখনও আমাদের সামনে দুটো সিরিজ রয়েছে তারপরই বিশ্বকাপ”।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে টিম ইন্ডিয়া। তারপরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে নামবে তারা। এই দুই সিরিজেই যে দলের চূড়ান্ত বাছাই পর্বটা হতে চলেছে তা বলতে কোনও দ্বিধা নেই। সেইসঙ্গে এখনও পর্যন্ত উত্তর না পাওয়া প্রশ্ন গুলোও এই দুই সিরিজেই পেতে মরিয়া হয়ে উঠবে টিম ইন্ডিয়া।

এশিয়া কাপের ব্যর্থতার পর যে তাদের কোথায় কোথায় সমস্যা রয়েছে তা বোধহয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট দেখে নিয়েছে। এখন শুধুই চূড়ান্ত পরীক্ষার অপেক্ষা।

close whatsapp