কোহলির সেঞ্চুরির পরে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা এল প্রতিপক্ষের থেকেও
আফগানিস্তানের বিরুদ্ধে ৬১ বল ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি
আপডেট করা - Sep 9, 2022 8:31 pm

১০০০ দিনেরও বেশী ব্যবধানের পরে, অবশেষে প্রতীক্ষার অবসান হল এবং বিরাট কোহলি তাঁর পুরনো ঝলক দেখিয়ে এশিয়া কাপ ২০২২-এ আফগানিস্তানের বোলারদের বিরুদ্ধে দাপটের সঙ্গে ব্যাটিং করে ৬১ বলে ১২২* রান করেছেন।
খেলার অন্যতম সেরা বোলার হিসেবে বিবেচিত রশিদ খান, বিরাট কোহলিকে সেই রান করা থেকে আটকাতে পারেননি। রশিদের পাশাপাশি ম্যাচের অন্যান্য বোলারদের উপরও আধিপত্য বিস্তার করেছিলেন কোহলি। তারকা ব্যাটারের উজ্জ্বল পারফর্ম্যান্সের উপর ভিত্তি করে ভারত আফগানিস্তানের সামনে ২১৩ রানের টার্গেট দেয় এবং আফগানরা শেষ পর্যন্ত ১০১ রানে হেরে যায়।
পরপর তিনটি হারের পর আফগানিস্তান এশিয়া কাপ থেকে শূন্য হাতে বাড়ি ফিরছে। সুপার ফোর টেবিলে তারা শেষ স্থান অর্জন করেছে। এখন রশিদ খান ও তাঁর সতীর্থরা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে মনোনিবেশ করবেন। বিদায় নিলেও রশিদ কোহলিকে অভিনন্দন জানিয়েছেন এবং ফাইনালের জন্য শ্রীলঙ্কা ও পাকিস্তানের জন্য শুভকামনাও করেছেন।
“এশিয়া কাপের এবারের আসরে আমার দেশের প্রতিনিধিত্ব করাটা সম্মানের। সমস্ত ভালবাসা এবং সমর্থনের জন্য ভক্তদের একটি বড় ধন্যবাদ। বিরাট কোহলির প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির জন্য বিশেষ উল্লেখ। ফাইনালের জন্য পাকিস্তান ও শ্রীলঙ্কাকে শুভকামনা জানাই,” রশিদ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন।
ম্যাচের পরে বিরাট কোহলির সাথে কথা বলার সময় ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন যে কীভাবে কোহলি নিজেই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭১তম সেঞ্চুরির জন্য আগ্রহী ছিলেন। সেই সাথে, ক্রিকেটমহলের অনেকেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার ইমাদ ওয়াসিম তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিরাট কোহলিকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ (GOAT) বলেছেন। কোহলির দীর্ঘদিনের বন্ধু এবি ডি ভিলিয়ার্স প্রকাশ করেছেন যে আগের রাতে তাঁদের কথোপকথনের পরে তিনি কোহলির কাছ থেকে একটি বড় স্কোরের আশা করেছিলেন। এদিকে কোহলি এখন আন্তর্জাতিক ক্রিকেটে ২৪০০০ রান পূর্ণ করেছেন। ইতিহাসের দ্রুততম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।