অস্ট্রেলিয়া ম্যাচকে টূর্নামেন্টের সবচেয়ে কঠিন ম্যাচ মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান
চোটের কারণে অনিশ্চিত মার্ক উড
আপডেট করা - Oct 29, 2021 10:46 pm

ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান মনে করেন এই টি-২০ বিশ্বকাপের প্রধান ফেভারিট ভারতের পিছনেই যৌথ ফেভারিট হল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আগামী ৩০ অক্টোবর দুবাইয়ে টুর্নামেন্টের ২৬ তম ম্যাচে ইংল্যান্ড তাদের চির-প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।
দুটি দলই গ্রুপ ১-এর দুটি ম্যাচই জিতে তাদের অভিযান দুরন্ত গতিতে শুরু করেছে। আগামীকালের ম্যাচটি যে দল জিতবে তারা সেমিফাইনালে যাওয়া প্রায় পাকা করে ফেলবে। ইংল্যান্ড প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানে অল আউট করে দুরমুশ করে দিয়ে ছয় উইকেটে হারিয়েছে। এরপর বাংলাদেশের বিপক্ষে আরেকটি দুর্দান্ত জয় পায় তারা।
অন্যদিকে অজিরা সুপার ১২-র উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। এরপর দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একটি দুর্দান্ত জয় অর্জন করেছে।
ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক ইয়ন মর্গ্যান জানিয়েছেন তাঁরা অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠোর পরীক্ষার সম্মুখীন হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করেছেন । ৩৫ বছর বয়সী ব্যাটার মেনে নিয়েছেন এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচটিই তাঁর দলের জন্য সবচেয়ে কঠিন হবে। স্কাইস্পোর্টস অনুসারে মর্গ্যান বলেছেন, “এটি সম্ভবত আমাদের সবচেয়ে কঠিন ম্যাচগুলির মধ্যে একটি হতে চলেছে। অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী দল, তারা দুটির মধ্যে দুটি জিতেছে আমাদের মতোই, এবং ভালোভাবে শুরু করেছে। এই টুর্নামেন্টে তারা সম্ভবত আমাদের সাথে যৌথ দ্বিতীয় ফেভারিট হিসেবে বিবেচিত হবে। এই দলটির সাথে আমরা পরিচিত তাদের বিরুদ্ধে অনেক বছর ধরে খেলার ফলে।”
ট্রেনিংয়ের পর আহত মার্ক উড এবং টম কারানকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে
প্রত্যাশার চেয়ে ভালো পারফর্ম করা ইংলিশ বোলিং লাইন আপে আগামী ম্যাচে পরিবর্তন আসার সম্ভাবনা বেশ কম। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের মাত্র ৪৮ ঘণ্টা পর তাদের শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে হবে। ফলে মর্গান তাঁর বোলারদের অদলবদল করে খেলাতে পারেন।
ইংল্যান্ডের দ্রুত গতির বোলার মার্ক উড তাঁর বাম হাঁটুতে ইনজেকশন নিয়ে মাঠের বাইরে ছিলেন এতো দিন, তিনি সম্ভবত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলবেন। রিজার্ভ পেসার টম কারানও হাঁটুর চোট নিয়ে মাঠের বাইরে বসে আছেন।
পেস জুটির আপডেট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মর্গ্যান বলেন, “তারা সত্যিই ভালভাবে সুস্থ হচ্ছে। প্রথম ম্যাচের আগে যা অবস্থান ছিল সেখান থেকে তারা অনেক উন্নতি করেছে। আগামীকালের ট্রেনিং দেখে তাদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।”