ভারত-পাক ম্যাচ নিয়ে উইলিয়ামসন যা বললেন

Kane Williamson
Kane Williamson. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

বিশ্বকাপে ভারতকে হারিয়েছে পাকিস্তান। তাও ১০ উইকেটে। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। তার মধ্যে আজকে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে নিউজিল্যান্ড। আর মাঠে নামার আগেই পাকিস্তানের ভূয়সী প্রসশংসা করলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। যদিও কিছু দিন আগেই পাকিস্তানের মাটিতে খেলতে গিয়েও নিরাপত্তা সংক্রান্ত কারণে সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড।

তবে আজকের ম্যাচের আগে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন জানান, “আমরা ঘরে বসেই অন্য দলের ম্যাচ দেখছি। এটা টি-২০ বিশ্বকাপকে সুন্দর করে তোলার আরও একটা কারণ। ভারত-পাকিস্তান অসাধারণ ম্যাচ হয়েছে। পাকিস্তান অসাধারণ পারফর্ম করেছে। বোঝাই যাচ্ছে ওরা আত্মবিশ্বাসী হয়েই এই টুর্নামেন্টে খেলতে এসেছে। ওরা ভারতের বিরুদ্ধে পারফরম্যান্সেই বুঝিয়ে দিয়েছে যে, কেন এই টুর্নামেন্টে পাকিস্তান অন্যতম ফেভারিট।”

পাকিস্তানে নিরাপত্তা সংক্রান্ত কারণে শেষ মুহূর্তে কিউয়িরা যে সফর বাতিল করেছিল তার ঠিক পরেই এমনকী নিউজিল্যান্ডকে দেখাদেখি ইংল্যান্ডও পাকিস্তানে খেলতে অস্বীকার করে। এই প্রসঙ্গে কেন বলেন,”অত্যন্ত হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি জানি যে নিউজিল্যান্ড দল পাকিস্তানে গিয়েছিল, তারা খেলার জন্য মুখিয়ে ছিল। কিন্তু এটা লজ্জাজনক যে খেলা হল না। তবে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক খুব ভাল। শেষ কয়েক বছরে একে-অপরের বিরুদ্ধে খেলেছে। একাধিক প্লেয়ার এক সঙ্গেও খেলেছে। আমি নিশ্চিত আজ ঠিক স্পিরিটেই খেলা হবে। সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়মিত খেলার জন্য পাকিস্তান সমর্থন পাবে খুব ভাল ভাবেই।” এখন দেখার এই ম্যাচে শেষ হাসি কে হাসেন, বাবর না কেন? তবে ফ্যানেদের চোখ থাকবে এই ম্যাচের দিকে।

close whatsapp