ভারতকে হারানোর পর পাকিস্তানকে এখন বিশ্বকাপ জেতার দাবিদার মনে করছেন শেন ওয়ার্ন

Shane Warne
Shane Warne. (Photo Source: Getty Images)

ভারতের বিরুদ্ধে আধিপত্য দেখিয়ে ১০ উইকেটে জেতার পর পাকিস্তানকে দেখে প্রাক্তন অস্ট্রেলীয় লেগ স্পিনার শেন ওয়ার্নের মনে হয়েছে এই বিশ্বকাপ জেতার ব্যাপারে পাকিস্তান এখন অন্যতম দাবিদার। ১৫২ রান তাড়া করতে নেমে মাত্র ১৭.৫ ওভারেই একটিও উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। গতকালই এই প্রথমবার পাকিস্তান কোন বিশ্বকাপের ম্যাচে ভারতকে পরাজিত করল।

প্রথম ওভারেই শাহীন শাহ আফ্রিদির বলে উইকেট হারান রোহিত শর্মা। প্রাথমিক ধাক্কা কাটিয়ে বিরাট কোহলি ও ঋষভ পান্থের ব্যাটিংয়ে ভর করে ভারত ১৫১/৭-এ পৌঁছলেও দুই পাক ওপেনার বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের অনবদ্য ঝুঁকিহীন ব্যাটিংয়ের দাক্ষিণ্যে একপেশেভাবে ম্যাচ বার করে নেয় পাকিস্তান। পাকিস্তানের এই দাপুটে জয় দেখেই শেন ওয়ার্নের মনে হয়েছে পাকিস্তানকে আর হালকাভাবে নেওয়া যাবে না, বিশ্বকাপ জেতার ভালোই সম্ভাবনা আছে বাবরদের।

বোলিং, ফিল্ডিং, ব্যাটিং – তিন বিভাগেই পাকিস্তান যে ক্ষিপ্রতা দেখিয়েছে তা অনেকের কাছেই বেশ চমকপ্রদ লেগেছে। অন্যান্য সময় ভারত ও পাকিস্তান বিশ্ব ইভেন্টে মুখোমুখি হলে পাকিস্তান যেভাবে গুটিয়ে থাকত বা অল্পেতেই চাপে পড়ে যেত, গতকালের ম্যাচে সেরকম কোন লক্ষণ দেখা যায়নি।

পাকিস্তানের পারফুরম্যান্সে মুগ্ধ শেন ওয়ার্ন

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের দাপুটে জয় দেখে শেন ওয়ার্ন মন্তব্য করেন যে এই জয়ের মাধ্যমে পাকিস্তান একটি বলিষ্ঠ বার্তা দিয়ে রাখল যে এই বিশ্বকাপে তারা অনেক দূর যাওয়ার ক্ষমতা রাখে। উইকেটকিপার ব্যাটার মহম্মদ রিজওয়ানের সঙ্গে ১৫২ রানের অপরাজিত ওপেনিং পার্টনারশিপে যে আধিপত্য দেখিয়ে পাকিস্তানি অধিনায়ক চাপের ম্যাচেও ঠাণ্ডা মাথায় ৫২ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সেটিরও প্রশংসা ওয়ার্নের মন্তব্যে।

ওয়ার্ন টুইট করে বলেছেন, “এই মাত্র ২০২১ আইসিসি টি-২০ বিশ্বকাপে কী অসাধারণ বার্তা দিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে এই জয়ের পর আমার মতে ওরা অন্যতম দাবিদার। সামগ্রিকভাবে একটি অলরাউন্ড চিত্তাকর্ষক পারফর্ম্যান্স। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে নিজের জাত চিনিয়ে চলেছে বাবর আজম।”

পাকিস্তান আগামীকাল মুখোমুখি হচ্ছে টূর্নামেন্টের আর এক ফেভারিট দল নিউজিল্যান্ডের। নিউজিল্যান্ড দুটি প্রস্তুতি ম্যাচেই হারের সম্মুখীন হলেও বড় টূর্নামেন্টে সম্প্রতি তাদের রেকর্ড ঈর্ষনীয়। ফলে তারা বলিষ্ঠভাবেই টূর্নামেন্ট করবে, এমনটাই প্রত্যাশিত। এরপর পাকিস্তানের ম্যাচ আছে আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিরুদ্ধে।

close whatsapp