সাদা বলের ফর্ম্যাটে ঋষভ পন্থকে ওপেনার হিসাবে খেলানোর পরামর্শ সুনীল গাভাসকরের
আপডেট করা - Jul 6, 2022 7:09 pm

ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে না পারলেও, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টেই কিন্তু দুর্ধর্ষ পারফরম্যান্স পারফরম্যান্স দেখিয়েছেন ঋষভ পন্থ। এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান রয়েছে এবার ঋষভ পন্থের ঝুলিতেই। সেই ঋষভ পন্থকে নিয়েই এবার নতুন পরামর্শ দিলেন প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। টেস্ট ক্রিকেটে যেভাবে ঋষভ পন্থ তাঁর ব্যাটিং পারফরম্যান্স প্রদর্শন করেছেন, সেই দেখে এবার তাঁকে ওপেনিংয়ে খেলানোর পরামর্শ দিচ্ছেন সুনীল গাভাসকর।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বে ছিলেন ঋষভ পন্থ। কিন্তু সেই সিরিজে একেবারেই চেনা্ ছন্দে দেখা যায়নি ঋষভ পন্থকে। চার ম্যাচ মিলিয়ে ঋষভ পন্থ করতে পেরেছিলেন মাত্র ৫৭ রান। আর তাতেই ক্রমশ চিন্তার ভাঁজ গভীর হয়েছিল সকলের কপালে। ঋষভের পারফরম্যান্স নিয়েও শুরু হয়েছিল জল্পনা। সেই সমস্তকিছুর জবাব এবার এজবাস্টনে টেস্টের মঞ্চেই দিয়েছেন তরুণ তারকা ঋষভ পন্থ।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে তাঁর হাত ধরেই ঘুরে দাঁড়াতে পেরেছিল ভারতীয় দল। ১১১ বলে ঝোরো ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ। শুধু তাই নয় দ্বিতীয় ইনিংসেও তাঁর ব্যাটে এসেছিল অর্ধশতরান। এই ম্যাচেই ফারুখ ইঞ্জিনিয়রের রেকর্জ ছুঁয়েছিলেন তিনি। এবার সেই ঋষভ পন্থকে দিয়েই টি টোয়েন্টিতে ওপেনিং করানোর পরামর্শ দিয়েছেন সুনীল গাভাসকর। তাঁর মতে অস্ট্রেেলিয়ার অ্যাডান গিলক্রিস্ট যদি পারেন, তবে ঋষভ পন্থও পারবেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দু ইনিংস মিলিয়ে ঋষভ পন্থের রান ২০৩
স্পোর্টস তকে সুনীল গাভাসকর জানিয়েছেন, “তিনি কখনোই খারাপ অপশন নন। সাদা বলের ফর্ম্যাটের ক্রিকেটে অ্যাডাম গিলক্রিস্ট কী করেছেন সেদিকেই তাকান সকলে। টেস্টে তিনি ছয় কিংবা সাত নম্বরে ব্যাটিং করতে নামতেন। কিন্তু তিনিই যখন সাদা বলের ফর্ম্যাটে ওপেন করতেন তখন বিধ্বংসী ক্রিকেট খেলতেন। আমার মতে ঋষভ পন্থও সেরমকম বিধ্বংসী ক্রিকেটার হয়ে উঠতে পারেন। ওপেনে নামলে তিনি বেশকিছু বল খেলার সুযোগও পাবেন” ।
ভারতীয় দলের হয়ে বেশীভাগ ক্ষেত্রেই চার অথবা পাঁচ নম্বরে খেলতে নামেন ঋষভ পন্থ। বরাবরই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন তিনি। কিন্তু সম্প্রতি সেই পারফরম্যান্স দেখাতে পারছেন না ঋষভ পন্থ। কিন্তু টেস্টে যেভাবে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে সুনীল গাভাসকরের মতে ঋষভ পন্থ সাজা বলের ক্রিকেটে ওপেনে নামলে, বেশকিছু বল খেলার সুযোগ পাবেন। নিজেকে সেট করার পাশাপাশি, আক্রমণাত্মক ক্রিকেটও দেখা যাবে ঋষভ পন্থের ব্যাট থেকে।
টেস্টে সেঞ্চুরী পেলেও, এখন পর্যন্ত সাদা বলের ফর্ম্যাটে ঋষভ পন্থের ব্যাটে কোনও সেঞ্চুরী নেই। একদিনের ক্রিকেটে ঋষভ পন্থের রান রয়েছে ৭১৫ এবং গড় রয়েছে ৩২.৫০। অন্যদিকে টি টোয়েন্টি ক্রিকেটে ৭৪১ রানের পাশাপাশি তাঁর গড় রয়েছে ২৩.১৫। টেস্টের পর ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতেও ঋষভ পন্থ নিজের পারফরম্যান্স ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার।