ব্রিটিশদের দূর্ভেদ্য দূর্গ এজবাস্টনে রেকর্ড গড়ার হাতছানি ভারতের সামনে

Virat Kohli
Virat Kohli. (Photo Source: BCCI)

একবছর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক টেস্টে ম্যাঞ্চেস্টারে নামার কথা ছিল ভারতের। কিন্তু হঠাত্ করোনার হানায় সেই ম্যাচ স্থগিত হয়ে গিয়েছিল। প্রায় একবছর পর সেই টেস্টে নামছে মুখোমুখি হতে চলেছে দুই দল। আগামী ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক সেই ঐতিহাসিক টেস্টে নামতে চলেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিততে পারলেই ১৫ বছর পর ফের ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতবে টিম ইন্ডিয়া। কিন্তু এবার যেন সেই চ্যালেঞ্জটা আরও কঠিন হয়ে গিয়েছে ভারতীয় দলের সামনে।

গুরুত্বপূর্ণ এই টেস্টে নামার আগে পরিসংখ্যানের দিকে তাকালে, তা কিন্তু একেবারেই ভারতীয় দলের পক্ষে নয়। বরং এজবাস্টন সবসময়ই ভারতের কাছে আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশদের কাছে এজবাস্টন অভেদ্য দূর্গ। আর সেখেনাই রেকর্ড তৈরির লক্ষ্যে নামতে চলেছে ভারত। তাই ম্যাচ শুরুর আগেই যেন খানিকটা এগিয়ে গিয়েছে ইংল্যান্ড। যদিও পরিসংখ্যান নিয়ে অবশ্য কখনোই খুব একটা চিন্তা করতে নারাজ থাকে ভারতীয় শিবির।

কিন্তু এই মাঠ এখনও পর্যন্ত ব্রিটিশ বাহিনীর কাছে দূর্ভেদ্য দূর্গ। এই মাঠে এখনও পর্যন্ত একটিও টেস্ট ম্যাচ জিততে পারেনি ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে সাতটি টেস্ট এখনও পর্যন্ত খেলেছে ভারত। কিন্তু সাফল্য তাদের অধরাই রয়েছে এখানে। শুধুমাত্র একটি টেস্ট ড্র করতে পেরেছে ভারতীয় দল। বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহদের সামনে এবার সেই অসাধ্য সাধন করারই লক্ষ্য রয়েছে।

এজবাস্টনে ইংল্যান্ড বনাম ভারত টেস্টের পরিসংখ্যান

১৯৬৭ সাল – ১৩২ রানে হার ভারতের

১৯৭৪ সাল – ইনিংস ও ৭৮ রানে হার ভারতের

১৯৭৯ সাল – ইনিংস ও ৮৩ রানে হার ভারতের

১৯৮৬ সাল – ম্যাচ ড্র

১৯৯৬ সাল – ৮ উইকেটে হার ভারতের

২০১১ সাল – ইনিংস ও ২৪২ রানে হার ভারতের

২০১৮ সাল – ৩৮ রানে হার ভারতের

২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে টেস্ট ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল। সেই সিরিজে এখনও পর্যন্ত ২-১-এ টেস্ট সিরিজে এগিয়ে রয়েছে ভারত। ওভালে ৫০ বছর পর প্রথমবার ফের টেস্ট ম্যাচ জিতে রেকর্ড গড়েছিল ভারতীয় দল। এবার তাদের সামনে আরেক কঠিন চ্যালেঞ্জ এজবাস্টনে। এখানে এখনও পর্যন্ত একটিও টেস্টে জিততে পারেনি ভারতীয় দল।

এই টেস্টে নামার আগে দুই দলেই এসেছে বহু পরিবর্তন। ইংল্যান্ড শিবিরের অধিনায়ক হয়েছেন এখন বেন স্টোকস। যাঁর হাত ধরে ঘরের মাঠে সদ্যই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ সিরিজ জিতেছে ব্রিটিশরা। জো রুট দুর্ধর্ষ ফর্মে রয়েছেন। অন্যদিকে ভারতীয় শিবিরেও আমূল পরিবর্তন হয়েছে। সেই সিরিজে ভারতের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। কিন্তু এবার অধিনায়কের মুকুট অন্যের মাথায়।

এজবাস্টনে এমন কঠিন লড়াইয়ে নামার আগে আবার দলের অধিনায়ক রোহিত শর্মাও ছিটকে গিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় শিবিরে যে কতবড় ধাক্কা এসেছে তা বলার অপেক্ষা রাখে না। লোকেশ রাহুলও দলে নেই। ওপেনিং নিয়ে ইতিমধ্যেই চিন্তা বেড়েছে টিম ইন্ডিয়ার। ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব উঠেছে জসপ্রীত বুমরার কাঁধে।

নতুন দল নিয়ে রাহুল দ্রাবিড়ের টিম ইন্ডিয়া ক পারবে এবার এজবাস্টনের রীতি ভেঙে সেখানে ইতিহাস তৈরি করে সিরিজ জিতে নিতে। ১ জুলাই শুরু সেই টেস্ট ম্যাচ। সেদিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা দুনিয়া।

close whatsapp