ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের লড়াইটা কঠিন হতে চলেছে, মনে করেন কেভিন পিটারসন
আপডেট করা - Jun 29, 2022 7:20 pm

আগামী ১ জুলাই ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচে নামতে চলেছে ইংল্যান্ড।। এই মুহূর্তে সিরিজে ১-২-এ পিছিয়ে রয়েছে ব্রিটিশ বাহিনী। এই ম্যাচ ভারকের কাছে যেমন সিরিজ জিতে রেকর্ড গড়ার মঞ্চ। তেমনই ইংল্যান্ডের সামনে ঘরের মাঠে মান বাঁচানোর লক্ষ্য। সদ্য নিউ জিল্যান্ড সিরিজ জিতে আত্মবিশ্বাস এই মুহূর্তে একেবারে তুঙ্গে রয়েছে ইংল্যান্ডের। তবুও ব্রিটিশ বাহিনীকে সাবধান করছেন কেভিন পিটারসন। তাঁর মতে ভারতের বিরু্দ্ধে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জে নামতে চলেছে ইংল্যান্ড। এই লড়াইটা অনেক কঠিন হবে বলেই মনে করেন তিনি।
ভারতের বিরুদ্ধে নামার আগে ব্রিটিশ শিবিরে বহু বদল এসেছে। বদলেছে ইংল্যান্ডের অধিনায়ক। জো রুটের পরিবর্তে এখন ব্রিটিশ বাহিনীর অধিনায়ক হয়েছেন বেন স্টোকস। এছাড়াও দলে আরও বেশকিছু পরিবর্তন এসেছে। অ্যাশেজে শোচনীয় পারফরম্যান্সের পর ইংল্যান্ড ক্রিকেটে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। দেশে ফিরে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন জো রুট।
বেন স্টোকসের হাত ধরে ইংল্যান্ড ঘরের মাঠে শুরুটা কিন্তু বেশভালভাবেই করেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছে ইংল্যান্ড। ৩-০-এ কিউইদের হারানোর পরই ভারতের বিরুদ্ধে নামার হুঙ্কার শোনা গিয়েছিল ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকসের মুখে। এই লড়াইয়ে নামার জন্য তারা যে প্রস্তুত তা কার্যত স্পষ্ট করে দিয়েছিলেন স্টোকস। কিন্তু ভারতের বিরুদ্ধে এই লড়াইটা যে ইংল্যান্ডের কাছে সবচেয়ে কঠিন একটা লড়াই হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই পিটারসনের।
এই মুহূর্তে সিরিজে ১-২-এ পিছিয়ে রয়েছে ইংল্যান্ড
কেভিন পিটারসন জানিয়েছেন, “আমি নিশ্চিতভাবে মনে করি যে ভারতের বিরদ্ধে ইংল্যান্ড কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। কারণ এই মুহূর্তে ভারতীয় দলে বিশ্বের সেরা ক্রিকেটাররা রয়েছেন। ইংল্যান্ড যে তাদের জন্য সুইংয়ের ব্যবস্থা করে রাখবে তা নিয়ে ভারতীয় বোলাররা খুব একটা চিন্তিত নন। ইংল্যান্ড নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং করেছিল। কিন্তু যে ব্যাটিং অর্ডারে রোহিত শর্মা, যিনি আশা করছি এই ম্যাচে নামতে পারবেন, এছাড়া পূজারা, কোহলিরা রয়েছে, সেখানে কাজটা একটু কঠিন হবেই”।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেই দুরন্ত কামব্যাক করেছিলেন জো রুট। কিউইদের বিরুদ্ধে লর্ডস টেস্টে সেঞ্চুরী করে যেমন রেকর্ড গড়েছেন, তেমনই ফের বড় রানের মধ্যেও ফিরেছেন তিনি। এছাড়া ছন্দে রয়েছেন জেমস অ্যান্ডারসন। স্টুয়ার্ট ব্রডও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে উইকেট পেয়েছেন।
ভারতের বিরুদ্ধে নামার আগেই হুঙ্কার দিয়েছেন বেন স্টোকস। এই ইংল্যান্ড যে সম্পূর্ণ আলাদা একটা দল, তা বলতে দ্বিধা করেননি তিনি। কিন্তু পিটারসনের মতে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড এবার আসল পরীক্ষায় নামতে চলেছে।