যুজবেন্দ্র চাহালের স্পিনের জাদু ও হর্শলের চার উইকেটে বিশাখাপত্তনমে প্রথম জয় ভারতের

India vs South Africa
India vs South Africa. (Photo Source: BCCI)

পরপর দু ম্যাচে হার। অবশেষে বিশাখাপত্তনম থেকেই ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া। ঈশান কিষাণ-রুতুরাজ গায়কোয়াড়ের ৯৭ রানের ওপেনিং পার্টনারশিপটাই এদিন ভারতের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়ে গিয়েছিল। আর সেই রাস্তায় হেঁটে যুজবেন্দ্র চাহালের সেরা তিন উইকেটই  ঘরের মাঠে এই সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম জয়টা এদিন এনে দিল। সেইসঙ্গে হর্শলের চার উইকেট। বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৮ রানে জিতল টিম ইন্ডিয়া। আর তাতেই এখন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাহুল দ্রাবিড় থেকে ঋষভ পন্থরা।

পরপর দুই ম্যাচে হেরে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে একেবারে খাদের কিনারে চলে এসেছিল ভারত। সিরিজ জয়ের রাস্তা খোলা রাখতে হলে বিশাখাপত্তনমে এদিন ভারতের সামনে ছিল মরণ-বাঁচন ম্যাচ। সেখানেই ব্যাট হাতে ঈশান কিষাণ এবং রুতুরাজ গায়কোয়াড়ের জোড়া অর্ধশতরান দিয়ে শুরুটাই এদিন দুর্ধর্ষভাবে করেছিল ভারত। এরপর বল হাতে মাঠে জাদু দেখালেন যুজবেন্দ্র চাহাল। প্রোটিয়াদের সেরা তিন উইকেট তুলে নিয়ে ভারতের ম্যাচ জয়ের নায়ক এদিন তিনিই। তিনি একাই নিয়েছেন এদিন তিন উইকেট। চাহালের জাদুতেই এদিন শেষ হয়ে গেল প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ।

২০২২ সালে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতল ভারত

টস জিতে এদিনও প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথম দুই ম্যাচে সেভাবে ব্যাটিং দেখাতে পারেননি ভারতের দুই ওপেনার ঈশান কিষাণ ও রুতুরাজ গায়কোয়াড়। বিশেষ এই সিরিজে রুতুরাজের দিকেই ছিল সবচেয়ে বেশী নজর। কিন্তু সেই রুতুরাজও পরপর দু ম্যাচে ব্যর্থ হওয়ায় খানিকটা সমালোচনা শুরু হয়ে গিয়েছিল। কিন্তু এদিন আর ব্যাট হাতে ব্যর্থ হননি তিনি। প্রথম বল থেকেই এদিন বিধ্বংসী মেজাজে ছিলেন রুকুরাজ গায়কোয়াড়।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই দেশের জার্সিতে টি টোয়েন্টিতে প্রথম অর্ধশতরানটা করে ফেলেন তিনি। ৩০ বলে ৫০ রানের ইনিংস খেলেন রুতুরাজ। কি্ন্তু ৫৭ রানেই থামতে হয় তাঁকে। ৭টি চার ও ২টো ছয় দিয়ে এদিন তাঁর ইনিংসটি সাজানো রয়েছে। অন্যদিকে একইসঙ্গে দুর্ধর্ষ ছন্দে ছিলেন ঈশান কিষাণও। তিনিও খেলেন ৩৫ বলে ৫৪ রানের ইনিংস। যদিও এই দুই ব্যাটার সাজঘরে ফিরতেই, ভারতের মিজল অর্ডার কিন্তু এদিনও ব্যর্থ। শ্রেয়স ফেরেন ১৪ রানে এবং ঋষভ পন্থ এদিন ৬ রানে আউট।

বাকিটা সামাল দেন হার্দিক পান্ডিয়া। তাঁর ২১ বলে ৩১ রানের ইনিংসে ভর করেই শেষপর্যন্ত ১৭৯ রানে পৌঁছতে পারে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচেও বড় রান করে হারতে হয়েছিল ভারতকে। এদিনও লড়াই করার মতো স্কোর করেছিল টিম ইন্ডিয়া। এবার পরীক্ষাটা ছিল বোলারদের সামনে। সেখানেই বল হাতে ভারতের ত্রাতা হয়ে উঠলেন যুজবেন্দ্র চাহাল ও হর্শল পটেল।

প্রথম দুই ম্যাচে না পারলেও, এদিন বিশাখাপত্তনমেই ফের দেখা গেল যুজবেন্দ্র চাহালের স্পিনের জাদু। সেইসঙ্গেই এদিন জ্বলে উঠলেন হর্শল পটেলও।একাই তিন উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহাল। দক্ষিণ আফ্রিকার সেরা তিন ব্যাটার প্রিটোরিয়াস, ফান ডার ডুসেন এবং হেনরিখ ক্লাসেনকে সাজঘরের রাস্তা দেখিয়ে দেন যুজবেন্দ্র চাহাল। হর্শল পটেলের শিকার টেম্বা বাভুমা, ডেভিড মিলার এবং হেনড্রিকস। এই দুই বোলারের দাপটে এদিন প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১৩১ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

close whatsapp