ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ
সিরিজ বাঁচিয়ে রাখতে হলে তৃতীয় টি-২০ জিততেই হবে ভারতকে
আপডেট করা - Jun 13, 2022 7:03 pm

টানা ১২টি টি-টোয়েন্টি ম্যাচ জিতে থাকা ভারত পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তনের আশায় থাকলেও হাইনরিখ ক্লাসেনের একটি অনবদ্য ইনিংস তাদের আশায় জল ঢালে। ০-২ পিছিয়ে থাকা অবস্থায় ১৪ই জুন, মঙ্গলবার, বিশাখাপত্তনমে সিরিজের তৃতীয় ম্যাচে সিরিজ খোয়ানোর মুখে দাঁড়িয়ে ভারত।
প্রথম ম্যাচে যদি ভারতীয় বোলারদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হয় হারের জন্য, তবে দ্বিতীয় ম্যাচের হারের কারণ হিসেবে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করতে হবে। মিডল অর্ডারে কেউই ছাপ ফেলতে পারেননি এবং ওপেনার রুতুরাজ গায়কওয়াড় আরও একবার ব্যর্থ হয়েছেন। আইপিএলে পার্পল ক্যাপ জেতা যুজবেন্দ্র চাহালকেও ছন্দে দেখায়নি। ফলে তৃতীয় ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা প্রায় সব বিভাগেই লেটার মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছে বলা যায়। প্রথম ম্যাচে ব্যাটাররা বিস্ফোরক ব্যাটিং করে ২১২ রানের অতিকায় লক্ষ্য তাড়া করেছিল। দ্বিতীয় ম্যাচে একটি কঠিন পিচে ২৯ রানে ৩ উইকেট হারানোর পরেও দলে ফেরত আসা হাইনরিখ ক্লাসেন একটি অবিস্মরণীয় ইনিংস খেলে জয় নিশ্চিত করেছিলেন। দক্ষিণ আফ্রিকার একমাত্র উদ্বেগের জায়গা তাদের স্পিনারদের ফর্ম।
পিচ রিপোর্ট
বিশাখাপত্তনমের ডাঃ ওয়াই.এস. রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটারদের সহায়তা করে। টস জিতলে বোলিং নেওয়ার কথা ভাবতে পারেন পান্ত বা বাভুমা। ১৮০-র কাছাকাছি স্কোর না তুললে জেতা কঠিন হতে পারে।
কোন দলের কেমন কম্বিনেশন
ভারত
পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়া গায়কওয়াড়ের জায়গায় ওপেনার হিসেবে ভেঙ্কটেশ আইয়ারকে সুযোগ দিয়ে দেওয়া যেতে পারে। অক্ষর প্যাটেল ব্যাটিং-বোলিং কোন বিভাগেই তেমন কার্যকর না হওয়ায় দীপক হুডা সুযোগ পেতে পারেন। চাহালের পরিবর্তে তরুণ লেগ-স্পিনার রবি বিষ্ণোইয়ের খেলার সম্ভাবনা।
সম্ভাব্য একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, ঈশান কিষাণ, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক হুডা, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, রবি বিষ্ণোই।
দক্ষিণ আফ্রিকা
কুইন্টন ডি কক চোট সারিয়ে ফিরে আসতে পারেন। সেক্ষেত্রে বাদ যাবেন রিজা হেন্ড্রিক্স। স্পিনারদের তেমন কার্যকরী দেখাচ্ছে না এই সিরিজে, ফলে এক স্পিনার হিসেবে তাব্রেইজ শামসি বাদ গিয়ে দলে জায়গা দেওয়া হতে পারে মার্কো য়্যানসেনকে।
সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (অধিনায়ক), ডোয়েন প্রিটোরিয়াস, রাসি ফান ডার ডাসেন, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, মার্কো য়্যানসেন, কাগিসো রাবাডা, অনরিখ নর্কিয়া।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা হেড-টু-হেড
ম্যাচ – ১৭, ভারত – ৯, দক্ষিণ আফ্রিকা – ৮
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭টা
টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার